.jpeg)
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং
শেষ আপডেট: 27 December 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জগদ্দল থানা থেকে নোটিস পাওয়ার পরেই ফের ফুঁসে উঠলেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বললেন, "বেআইনিভাবে আমাকে গ্রেফতার করলে যে করবে তাঁর বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব।"
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন বলে মন্তব্য করেন অর্জুন সিং। তাঁর এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি জানান, অর্জুন সিংয়ের এই মন্তব্যে রাজ্যের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ারও আশঙ্কা থাকছে। তাই পুলিশকে এই বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি।
পরে অভিমন্যু বলেন, "কোন তথ্যের ভিত্তিতে অর্জুন সিং এতবড় অভিযোগ আনলেন সেটা তাঁকে জানাতে হবে। ওঁর এমন মিথ্যে ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে সমাজে স্থিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জগদ্দল থানার দ্বারস্থ হয়েছি আমি।"
কাউন্সিলরের অভিযোগ পাওয়ার পরেই অর্জুন সিংকে থানায় দেখা করার জন্য নোটিশ পাঠানো হয়। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তিনি বলেন, "২৪ ঘণ্টার মধ্যে দু-বার নোটিস! তবে সর্বোচ্চ আদালত আছে। এখানে পুলিশ শাসকদলের তাবেদারি করছে। আমি যদি কোনও অপরাধ করি আদালত সাজা দেবে। তবে কোনও কারণ ছাড়া বেআইনিভাবে গ্রেফতার করলে আমি বাড়ি-হাঁড়ি সব বিক্রি করিয়ে দেব।"