দ্য ওয়াল ব্যুরো: উড়ানের মাঝেই ধূমপান করবেন তিনি। এমনই আবদার জুড়ে দিয়েছিলেন এক যাত্রী। বিমানসেবিকাদের নিষেধ মানতে অস্বীকার তো করলেনই, পাইলটের সতর্কবার্তাকেও হেলায় উড়িয়ে দিলেন। প্রথমে একচোট কথা কাটাকাটি, পরে রীতিমতো হম্বিতম্বি করতে শুরু করলেন। যাত্রীকে বোঝাতে শেষে পুলিশ ডাকতে হল কর্তৃপক্ষকে। ফলে দিল্লি বিমানবন্দরে বিমান দাঁড়িয়ে রইল অন্তত তিন ঘণ্টা।
অমৃতসর-দিল্লি-কলকাতাগামী ভিস্তারা এয়ারলাইন্সে ঘটনাটা ঘটেছে শনিবার সকালে। বিমানের ভিতর অশালীন আচরণের জন্য ওই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বিমানকর্মীদের কথায়, এ দিন উড়ান শুরুর ঠিক মুখেই ওই যাত্রী ধূমপান করবেন বলে বায়না জুড়ে দেন। বিমানের ভিতর ধূমপানের করার নিয়ম নেই সেটা বলা মাত্রই তর্ক শুরু করেন তিনি। বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। শেষে বাধ্য হয়ে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেন কর্মীরা।
এয়ারলাইন্সের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, "এক যাত্রীর অন্যায় আচরণের জন্য বিমান ছাড়তে তিন ঘণ্টা বিলম্ব হয়েছে, সেই জন্য আমরা দুঃখিত। ওই যাত্রীকে অনেকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি শুনতে চাইছিলেন না। তাই তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।"
সাম্প্রতিককালে যাত্রী বিভ্রাটের এমন নানা নজির তৈরি হয়েছে। গত মাসে জেট এয়ারওয়েজের বিমানে নিজেকে জঙ্গি তকমা দেওয়া এক যুবকের কাণ্ডকারখানায় রীতিমতো নাজেহাল হতে হয়েছিল কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দাদের। যোগবেদান্ত পোদ্দার নামে বেলেঘাটার বাসিন্দা ছাত্রটি বিমানে বসে তাঁর বন্ধুদের সঙ্গে চ্যাটে মজা করে লিখছিলেন— ‘টেররিস্ট অন ফ্লাইট, আই ডেস্ট্রয় উইমেন্স হার্টস।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘বিমানে জঙ্গি, আমি নারী হৃদয় ধ্বংস করি।’ ইংরেজিতে লেখা সেই বক্তব্য চোখে পড়ে যায় বেঞ্জামিন প্লুকেট নামে জনৈক বিদেশি যাত্রীর। এর পরেই বিমানের ভিতর শুরু হয়ে যায় রুদ্ধশ্বাস এক নাটক। যা শেষ পর্যন্ত বিমান ছেড়ে নেমে আসে বিমানবন্দরের গোয়েন্দাদের অফিস পর্যন্ত।