
শেষ আপডেট: 24 October 2022 06:06
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে থাকা শিবসেনার ৪০ বিধায়কের (Shivsena MLAs) ২২ জন বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন। এমনই দাবি করেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবিরের হাতে থাকা দলের মুখপাত্র সামনা। তাঁদের সম্পাদকীয়তে বলা হয়েছে, একনাথ এখন নামেই মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসই সরকার চালাচ্ছেন। তাঁর কথাতেই পুলিশ-প্রশাসন চলছে।
প্রসঙ্গত, গত জুনে শিবসেনা ভেঙে ৪০ জন বিধায়ক নিয়ে বেরিয়ে এসে বিজেপির হাত ধরে মহারাষ্ট্রে সরকার গড়ছেন উদ্ধব মন্ত্রিসভার সদস্য একনাথ শিন্ডে। গোড়ায় ঠিক হয়েছিল, ১০৯ বিধায়কের দল বিজেপির ফড়ণবিশ হবেন মুখ্যমন্ত্রী। একনাথ হবেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু শপথ অনুষ্ঠানের মুখে সেই ফরমুলা বদলে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হন ৪০ বিধায়কের নেতা একনাথই।
শুধু সামনার সম্পাদকীয়’র দাবি নয়, মহারাষ্ট্রে বিগত কয়েক মাসের রাজনীতি এবং সরকার পরিচালনার ধারা পর্যবেক্ষণ করে অনেকেই মনে করছেন, সরকারে একনাথ এখন পুতুল মাত্র। সব ক্ষমতা বিজেপির ফড়ণবিশের হাতে। ঘন ঘন দিল্লি গিয়ে রাজ্যের জন্য গুচ্ছ পরিকল্পনা আদায় করে এনে তিনি এখন সব মহলেই তুমুল জনপ্রিয়। দল নির্বিশেষে বিধায়ক, সাংসদ থেকে সাধারণ মানুষ তাঁর কাছে ছুটছেন দাবিদাওয়া নিয়ে। বণিক সমাজ, শিল্পপতিরা তাঁর অ্যাপয়েন্টমেন্ট পেতে মুখিয়ে থাকছেন। উপ মুখ্যমন্ত্রীর চেম্বারের বাইরে ভিজিটরের ভিড় লেগেই থাকছে।
ক’দিন আগে মুম্বইয়ের আন্ধেরি পূর্ব বিধানসভা আসনের উপনির্বাচন থেকে আচমকাই সরে দাঁড়ায় বিজেপি। একনাথ চেয়েছিলেন বিজেপির সঙ্গে কোমর বেঁধে লড়াই করে উদ্ধব শিবিরের শিবসেনাকে বধ করবেন। কিন্তু মুম্বই ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভোটের অঙ্ক ছাড়াও একনাথকে চাপে রেখে তাঁর বিধায়কদের ভাঙিয়ে এবার নতুন সমীকরণে সরকার গড়ার রাস্তা খুঁজছে বিজেপি, বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেই সম্ভাবনা।
জোর জল্পনা, মহারাষ্ট্রে বিজেপির নতুন সঙ্গী হতে পারেন এনসিপি নেতা শরদ পাওয়ার। ইডি আর সিবিআইয়ের মামলায় তাঁর দলের প্রথমসারির অন্তত এক ডজন নেতা জেলে। তাঁর নিজের এবং ভাইপো অজিতের উপরও ঝুলছে দুর্নীতির তদন্তের খাঁড়া। ফলে ‘রাজনীতিতে কিছুই অসম্ভব নয়’ কথাটি খুব শোনা যাচ্ছে মহারাষ্ট্রে।
একনাথের উপর তাঁর ২২ জন বিধায়কের অনাস্থার কারণ হল, তাঁরা না পেয়েছেন মন্ত্রিত্ব, না কোনও সরকারি নিগম, না কোম্পানির বড় পদ। ফলে মূল শিবসেনা ত্যাগের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে গিয়েছে তাঁদের। অন্যদিকে, বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব নিয়ে দর কষাকষি করে বারে বারে ব্যর্থ একনাথ।
'তোমাদের ছাড়া দীপাবলি সুন্দরই হবে না', আলোর উৎসবে কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে মোদী