পাটুলিতে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, ধৃত পাত্র-সহ তিন
দ্য ওয়াল ব্যুরো: কিশোরীকে বাড়ি থেকে তুলে এনে বিয়ের তোড়জোড় চলছিল জোরকদমে। ঘটনাস্থল কলকাতার বুড়ো শিবতলা এলাকা। খবর পেয়ে সঠিক সময় পৌঁছে বিয়ে রোখে পাটুলি থানার বিশেষ তদন্তকারী দল। পাকড়াও করা হয় পাত্রকে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় পাত্রের বা
শেষ আপডেট: 21 December 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: কিশোরীকে বাড়ি থেকে তুলে এনে বিয়ের তোড়জোড় চলছিল জোরকদমে। ঘটনাস্থল কলকাতার বুড়ো শিবতলা এলাকা। খবর পেয়ে সঠিক সময় পৌঁছে বিয়ে রোখে পাটুলি থানার বিশেষ তদন্তকারী দল। পাকড়াও করা হয় পাত্রকে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় পাত্রের বাবা ও কাকাকেও।
পুলিশ জানিয়েছে, বছর পনেরোর ওই কিশোরীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কেওড়াতলা গ্রামে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা ওই কিশোরীকে নানা ভাবে প্রলোঙন দেখিয়ে তার গ্রাম থেকে তুলে এনেছে অভিযুক্ত যুবক আস্তিক মিদ্যা। তার বাড়ি হরিণখোলার কৃষ্ণরামপুর গ্রামে। এই কাজে যুবককে সহযোগিতা করে তার বাবা নারায়ণ মিদ্যা ও কাকা বুদ্ধ হালদার।
তদন্তকারী এক অফিসারের কথায়, মেয়েটির পরিবারকে প্রথমে কিছুই জানানো হয়নি। কলকাতায় এনে তাকে নিজেদের কাছেই বন্দি করে রেখেছিল ওই তিন জন। গত ১৪ ডিসেম্বর জোর করেই মেয়েটিকে বিয়ের পিঁড়িতে বসানো হয়। উল্টে কিশোরীর পরিবারকে হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বলে পাত্রপক্ষ।
মেয়েটির পরিবার ও স্থানীয় সূত্রে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে পালানোর চেষ্টা করলেও পরে ধরা পড়ে পাত্র আস্তিক। তার বাবা ও কাকাকেও গ্রেফতার করে পুলিশ। কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তদের জেরা করা চলছে। আগেও এমন ঘটনা তারা ঘটিয়েছে কিনা সেটা খোঁজ নিচ্ছে পুলিশ। কোনও নারী পাচারচক্রের সঙ্গে ওই তিনজনের যোগসাজশ রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।