দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় দুষ্টুমি করে অন্যের খাবার চেখে দেখেছেন কখনও? এমনটা তো আমরা প্রায়ই করতাম। না বলে অন্যের খাবার খেয়ে নেওয়ার মধ্যে কতটা আনন্দ বা অপরাধবোধ কাজ করে সেটা এখন ভাবার বিষয় নয়। তবে নামী কোম্পানির এক ডেলিভারি বয় না বলেই খরিদ্দারের খাবার চুপিচুপি খেতে গিয়ে কী কাণ্ড ঘটিয়েছেন সেটাই দেখুন এ বার।
ঘটনাটা ঘটেছে চিনের গুয়াংডং প্রদেশের সিহুই শহরে। একটি বহুতলের লিফটের ভিতর খরিদ্দারের অর্ডার দেওয়া খাবারের প্যাকেট খুলে খেতে দেখা গিয়েছে এক ডেলিভারি বয়কে। পরনে টিশার্টের উপর লোগো দেখেই মালুম হয় বেশ নামী সংস্থারই খাবার নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। লিফটের ভিতর থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটাই। আর সেটা ভাইরাল হতেও বেশি সময় নেয়নি।
ফুটেজে দেখা যাচ্ছে, লিফট সবে চলতে শুরু করেছে। ডেলিভারি বয়ের হাতে খাবারের প্যাকেট। একটু পরেই সেই প্যাকেট খোলা শুরু হল। ভিতরে রয়েছে প্লাস্টিকের কন্টেনার। খাবার এবং ব্যক্তির মাঝে শুধু ওই কন্টেনারেরই ব্যবধান। খুলে গেল কন্টেনারের ঢাকনাও। এ বার চাকুমচুকুম করে খেতে শুরু করলেন ব্যক্তি। খাচ্ছেন আর মাঝে মাঝে তাকিয়ে লিফট কতটা পৌঁছল দেখে নিচ্ছেন। মোটামুটি একটা কন্টেনার শেষ করে, তাঁর হাত চলে গেল অন্য কন্টেনারের দিকে। তার মধ্যে রয়েছে স্যুপ জাতীয় কোনও খাবার। লম্বা চুমুকে সেটাও সাবড়ে দিলেন অনেকটাই।
https://www.youtube.com/watch?v=ihULhuh6qi0
সব শেষে আবার আগের মতো কন্টেনার প্যাক করে লিফট থেকে গটগট করে বেরিয়ে চলে গেলেন, ভাবখানা এমন যেন কিছুই হয়নি। এই ভিডিও প্রকাশ্যেই আসতেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। কেউ আবার কড়া সমালোচনাও করেছেন। ফেসবুকে ইতিমধ্যেই দু’লক্ষ জন দেখে ফেলেছেন ওই ভিডিও।
তবে দুঃখের বিষয়, এত হই চইয়ের মাঝে চাকরিটাই খোয়া গিয়েছে ডেলিভারি বয়ের।