দ্য ওয়াল ব্যুরো: লৌহমানব বল্লভভাই পটেলের ১৮২ মিটার উঁচু মূর্তির উদ্বোধন করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বল্লভভাই নিজে যাঁর দ্বারা অনুপ্রাণিত, জাতির জনক, সেই মোহনদাস গান্ধীর মূর্তি?
এই প্রশ্নই আজ তুলে দিলেন সিপিআই-এর সাধারণ সম্পাদক সুরাভারাম সুধাকর রেড্ডি।
পটেলের মূর্তি নিয়ে অবশ্য কোনও আপত্তি নেই সুধাকর রেড্ডির। কিন্তু তাঁর প্রশ্ন, জাতির জনকের কেন পটেলের থেকেও বড় মূর্তি হবে না?
রেড্ডির বক্তব্য, আসলে গান্ধীর ধর্মনিরপেক্ষতা পছন্দ নয় বিজেপির। তাই গুজরাতেরই ভূমিপুত্র গান্ধীকে বাদ দিয়ে দক্ষিণপন্থী পটেলের মূর্তি গড়া হচ্ছে।
তাঁর আরও মন্তব্য, আসলে রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষার মতো বহু বিষয়েই পটেলের দক্ষিণপন্থী অবস্থান পছন্দ বিজেপির। তাছাড়া বিজেপির নিজের কোনও বড় মাপের জাতীয়তাবাদী নেতাও নেই। এই সব কারণেই কংগ্রেসের থেকে পটেলের ঐতিহ্যকে আত্মসাৎ করার চেষ্টা চালচ্ছে বিজেপির নেতৃত্ব।
তবে গান্ধী হত্যার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পটেলে নিজেই আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন। সে প্রসঙ্গও টেনে আনেন রেড্ডি। বলেন, সঙ্ঘ পরিবার যতই চেষ্টা করুক, পটেল কখনই তাদের নেতা হতে পারেন না।