দ্য ওয়াল ব্যুরো : ভারতের অভ্যন্তরে সবচেয়ে বড় বিপদের নাম নকশালপন্থা। বিদেশের যে সংস্থাটি সবচেয়ে বেশি বিপদের কারণ, সে হল পাকিস্তানের আইএসআই। গোয়েন্দারা বলছেন, লোকসভা ভোটের আগে হাত মিলিয়েছে দুই শত্রু। তারা ভোটের আগে নানা অশান্তি সৃষ্টি করার ছক কষেছে। যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি অশান্তির সম্ভাবনা রয়েছে, তার অন্যতম পশ্চিমবঙ্গ। এছাড়া উত্তর-পূর্ব ভারত, পঞ্জাব ও উত্তরপ্রদেশের কয়েকটি অঞ্চলেও গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে।
আইবি জানিয়েছে, আইএসআইয়ের মদতে ভোটের আগে শহুরে নকশালরা নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রচার চালাবে। কাশ্মীর নিয়েও দেশবিরোধী প্রচার হবে। পঞ্জাবে খলিস্তানের দাবি চাঙ্গা করে তোলা হবে। উত্তর-পূর্ব ভারতে জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে নানা বিভ্রান্তিকর প্রচার করা হবে।
র'য়ের প্রাক্তন ডিরেক্টর অমর ভুষণ বলেন, আইএসআই বরাবর চেষ্টা করছে যাতে ভারতকে বিভক্ত করা যায়। অনেক রিপোর্টারও আইএসআইয়ের থেকে টাকা নেয়। তারা কেবলই সরকারের সমালোচনা করে। শহুরে নকশালরাও মিথ্যা কথা প্রচারের জন্য সবকিছু করতে পারে।