
শেষ আপডেট: 18 January 2019 18:30
কপাল ও মুখ জুড়ে এমন আঁচিলের উপস্থিতির কথা অ্যাডাম নিজেও জানতেন না। কপালের কালো ছোপটা দেখেও বিশেষ তোয়াক্কা করেননি। ভেবেছিলেন ত্বকের কোনও সমস্যা। এরিন্যাই প্রথম বলেন, এমন আঁচিল বিপদের কারণ হতে পারে। কাজেই ডাক্তার দেখিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হেয়ার ড্রেসারের কথামতো ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই ধরা পড়ে মেলানোমার প্রথম স্টেজে রয়েছেন অ্যাডাম। আর কিছুদিন দেরি হলেই ক্যানসার কোষ ছড়িয়ে পড়ে স্টেজ থ্রিতে পৌঁছে যেত।
ঘটনাটা ৩ অক্টোবরের। গাড়ি চালানোর প্রশিক্ষণ দেন বছর চুয়ান্নর অ্যাডাম। ওই দিন নর্দাম্পটনের একটি স্যাঁলোতে চুল কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর পরিচয় হয় ৪২ বছরের এরিন্যার সঙ্গে। অ্যাডাম জানিয়েছেন, তাঁর অন্য পরিচিত হেয়ার ড্রেসার ছিল। ওই দিন প্রথম এরিন্যা তাঁর চুল কাটেন। আর সেটা করতে গিয়েই তাঁর কপাল ও কানের পাশের আঁচিল দেখিয়ে তাঁকে সাবধান করেন। ডাক্তারের পরামর্শ নিতে বলেন। এরিন্যার কথা মতো চিকিৎসা করিয়েও এখন তিনি ক্যানসার মুক্ত।
২৩ অক্টোবর অস্ত্রোপচার হয় অ্যাডামের। চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শরীরে আর কোনও ক্যানসার কোষ নেই। তবে দেরি হলে বিপদ হতে পারত। অ্যাডামের প্রাণ বাঁচাতে পেরে গর্বিত এরিন্যা বলেছেন, "আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে। তার ত্বকের ছোটখাটো সমস্যাগুলোর ব্যাপারে আমি খুব মনোযোগী। তাই আঁচিল বা এই ধরনের ব্যাপারগুলো সম্পর্কে আমি অনেকটাই জানি। অ্যাডামকে তাই সে দিন সতর্ক করতে পেরেছিলাম। " তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা হচ্ছে শুনেও খুশি এরিন্যা। বলেছেন, "চারপাশের মানুষজনের উপকার করা আমাদের কর্তব্য। সকলেই যদি এই কাজে এগিয়ে আসেন তাহলে অনেক প্রাণ বাঁচানো যায়। আশা করি এই ঘটনা বাকিদেরও উৎসাহিত করবে। "