দ্য ওয়াল ব্যুরো: বাজার করতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হল দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের দুই মহিলা ডাক্তারকে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে গৌতমনগরের কাছাকাছি একটি বাজারে। ডাক্তারদের হেনস্থা ও গায়ে হাত তোলার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গৌতমনগরের কাছেই হোস্টেলে থাকেন ওই দুই মহিলা ডাক্তার। গতকাল সন্ধে নাগাদ তাঁরা সবজি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিলেন। বাজারের রাস্তাতেই তাঁদের লক্ষ্য করে নানারকম কটূ কথা বলতে শুরু করে কয়েকজন। ডাক্তারদের অভিযোগ, এক ব্যক্তি আচমকাই তাঁদের পথ আটকে দাঁড়ায়। গালিগালাজ করতে শুরু করে। সে বলে, ডাক্তারদের থেকেই নাকি ভাইরাস ছড়িয়ে পড়বে গোটা বাজারে। তাঁদের গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ।
পুলিশ জানিয়েছে, হেনস্থাকারীদের ব্যাপারে মুখ খুলতে চায়নি স্থানীয়রা। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা গেছে। গতকাল রাতেই তাকে পাকড়াও করে পুলিশ। ৪২ বছরের ওই ব্যক্তি পেশায় ইন্টিরিয়র ডিজাইনার।
সফদরজঙ্গ হাসপাতালেই চিকিৎসা চলছে দুই মহিলা ডাক্তারের। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মধ্যেই আরও কয়েকজন এই ঘটনার পিছনে রয়েছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
করোনা আতঙ্কের মধ্যেই বারে বারে ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের হেনস্থার ঘটনায় রীতিমতো উদ্বেগে স্বাস্থ্য দফতর। এর আগে, হায়দরাবাদের গান্ধী হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যুর পরেই হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায় রোগীর পরিজন ও স্থানীয় লোকজনেরা। মারধরের চেষ্টা করা হয় ডাক্তারদেরও। সংক্রমণের পরীক্ষার জন্য স্থানীয়দের নমুনা সংগ্রহ করতে গিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে চূড়ান্ত হেনস্থার মুখে পড়তে হয় স্বাস্থ্যকর্মীদের। ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে দেখা যায় ক্ষুব্ধ এলাকাবাসীকে। ইটের ঘায়ে গুরুতর জখম হন দুই মহিলা ডাক্তার। আহত হন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী।
দিল্লিতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৯। রাজধানীর ২০টি এলাকাকে হটস্পট চিহ্তি করে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে ২০টি জায়গা সিল করা হবে তার মধ্যে রয়েছে মার্কাজ মসজিদ, নিজামুদ্দিন বস্তি, দ্বারকার শাহজাহানাবাদ সোসাইটি, ময়ূর বিহারের অংশবিশেষ, পটপরগঞ্জ, মালব্য নগর, সঙ্গম বিহার, সীমাপুরী, বসুন্ধরা এনক্লেভ এবং দিলশাদ গার্ডেন।
দিল্লিতে কনট প্লেসের কাছে একটি বিখ্যাত বাঙালি বাজার রয়েছে। বুধবার এই বাজার এবং সংলগ্ন এলাকা সিল করে দেওয়া হয়েছে। কারণ এই এলাকায় করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল।