
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 December 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে মায়ের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছিল। আর এবার ঘরের ভিতর থেকে এক শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার হল।
গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোপালপুরের মাঝেরপাড়া এলাকায়। দু'দিন আগেই যে ঘর থেকে শিশুটির মায়ের দেহ মেলে, সেখানেই এবার শিশুর দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।
পুলিশের তরফে বলা হচ্ছে, শিশুটির মা, নাসিমা বিবির মৃ্ত্যু হয় গত মঙ্গলবার। বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তারপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু'দিন পর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়। তাও আবার বস্তাবন্দি অবস্থায়।
মৃত নাসিমা বিবির স্বামীর দাবি শিশুটি তাঁরই। কিন্তু ঘরের ভেতরে বস্তার মধ্যে তাঁর সন্তান এল কীভাবে, তার কোনও সঠিক উত্তর দিতে পারেননি তিনি।
মৃত শিশুটির মামা ও মৃত নাসিমা বিবির ভাই এবাদুল গাজি ও বোন রহিমা খাতুনের অভিযোগ, তাঁর দিদিকে ও শিশুটিকে জামাই আর তাঁর পরিবারের লোকজনরাই খুন করেছেন।
খবর এই যে, ইতিমধ্যেই শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু তা জানা যাবে প্রাথমিক রিপোর্ট এলেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।