দ্য ওয়াল ব্যুরো: ভোটের ফল প্রকাশের দু’দিনের মাথায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার মুখে নাগাল্যান্ড। শনিবার দুপুরে অসম রাইফেলসের কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেনার সঙ্গে চলে গুলি বিনিময়ে। সংঘর্ষে দুই জওয়ানের শহিদ হওয়ার খবর মিলেছে। গুরুতর জখম আরও চার জওয়ান। কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি।
সেনা সূত্রে খবর, মায়ানমার সীমান্ত লাগোয়া মন জেলায় সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রথম আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। পরে কনভয়ে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। প্রায় এক ঘণ্টা ধরে চলে এনকাউন্টার।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে এই হামলার পিছনে রয়েছে এনএসসিএন খাপলাং বাহিনী। যদিও কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা-পুলিশ। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুণি তল্লাশি। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলার উচ্চপদস্থ আধিকারিকরাও।
মায়ানমারের দুর্গম পাহাড়-জঙ্গলে ঘাঁটি গেড়েই নাগাল্যান্ড ও মণিপুরে নাশকতা চালায় নাগা জঙ্গিরা। মায়ানমার সীমান্তের মন, অরুণাচল-মায়ানমার সীমান্তের লঙডিঙ বারে বারেই নাগা জঙ্গিদের হামলার মুখোমুখি হয়েছে। নাগা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য সীমান্ত পেরিয়ে মায়ানমারের ভিতরে ঢুকে আগেও অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। মায়ানমার সরকারের সঙ্গে সমন্বয় রেখেই ভারত এই অভিযানগুলি চালায়। ২০১৭ সালে এমনই জঙ্গি হানায় ৪০ জওয়ানের প্রাণ গিয়েছিল।