
শেষ আপডেট: 14 July 2022 14:25
দ্য ওয়াল ব্যুরো: ভারতে (India) প্রথম মাঙ্কিপক্স (Monkey Pox) আক্রান্তের সন্ধান মিলল কেরলে (kerala)। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করা হয়েছে। জানা গেছে আক্রান্ত ব্যক্তি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছিলেন।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এদিন বলেন, যে ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, তিনি কিছুদিন আগে বিদেশ থেকে ফিরেছিলেন। তারপর তাঁর কিছু উপসর্গ দেখা দেয়। সেসব নিয়ে রাজ্যেরই এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরীক্ষার জন্য তাঁর নমুনা পাঠানো হয়েছিল ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। বৃহস্পতিবার তাঁর মাঙ্কিপক্স ধরা পড়ে।
ভারতে মাঙ্কিপক্সে প্রথম আক্রান্ত কেরলের এই বাসিন্দা সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন বলে খবর। তাঁর বয়স ৩৫ বছর। এও জানা গেছে, বিদেশে এক মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি। সেই থেকেই এই সংক্রমণ বলে মনে করা হচ্ছে। আপাতত আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্সের ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়। আগে স্মলপক্স রোগীদের দেহে যে উপসর্গ দেখা যেত তেমন উপসর্গই মাঙ্কিপক্সেও দেখা গেছে। তবে এই অসুখের প্রকোপ অতটাও মারাত্মক নয়।
গত দু'বছর ধরে করোনা ভাইরাস বিশ্ববাসীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়- করোনার একের পর এক ঢেউয়ে উত্তাল হয়েছে পৃথিবী। তারপর নতুন করে এই মাঙ্কিপক্স ভাইরাস ভয় ধরাচ্ছে। এই রোগে সারা শরীরে গোটা গোটা র্যাশ বেরোচ্ছে, সঙ্গে ধুম জ্বর আর অসহ্য যন্ত্রণা। জলবসন্তের আতঙ্ক এদেশ থেকে মুছে গেছে ঠিকই, তবে মাঙ্কিপক্স যেন সেই রোগের স্মৃতিই ফেরাচ্ছে আবার।
ইতিমধ্যে মাঙ্কিপক্স নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের গাইডলাইনে যা বলা হয়েছে নীচের লিঙ্কে ক্লিক করলে তা জানা যাবে।
আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি কেন্দ্রের