গত ২ জুলাই এদেশে এসে হুগলির (Hooghly) ব্যান্ডেলের কেওটা নবপল্লিতে দিদির বাড়িতে ওঠেন নিলয়। তাঁর পাসপোর্ট-সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র দিদির বাড়িতেই রয়েছে।

নিখোঁজ তরুণ
শেষ আপডেট: 16 July 2025 16:40
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসে নিখোঁজ ১৯ বছরের নিলয় সাহা। তাঁর বাড়ি বাংলাদেশের শরিয়তপুর জেলার পালং থানার গঙ্গানগর গ্রামে। কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টারে চিকিৎসা চলছিল তাঁর (Bangladeshi boy goes missing in Kolkata)।
জানা গিয়েছে, গত ২ জুলাই এদেশে এসে হুগলির (Hooghly) ব্যান্ডেলের কেওটা নবপল্লিতে দিদির বাড়িতে ওঠেন নিলয়। তাঁর পাসপোর্ট-সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র দিদির বাড়িতেই রয়েছে।
রবিবার দুপুরে দুই দিদির সঙ্গে গোপিনাথপুরের ঠাকুরবাড়িতে মানসিকের পুজো দিতে গিয়েছিলেন ওই যুবক। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান বলে খবর। এরপর বহু খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্যান্সারে আক্রান্ত নিলয়। কয়েক মাস আগেই তাঁর বাঁ পাও কেটে ফেলতে হয়। বর্তমানে ক্রাচ (Crutches) নিয়ে চলাফেরা করেন তিনি। এই অবস্থায় একা কোথাও যাওয়ার সম্ভাবনা কম হলেও আত্মীয়দের আশঙ্কা, অচেনা পরিবেশে পথ ভুল করে হয়তো কোনও ট্রেনে উঠে পড়েছেন।
এখনও পর্যন্ত কোনও খোঁজ না মেলায় ব্যান্ডেল জিআরপি থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। সোমবার চুঁচুড়া থানাতেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন নিখোঁজ যুবকের জামাইবাবু শংকর নাগ। পরিবারের সদস্যরা নিলয়ের দ্রুত সন্ধান পেতে প্রশাসনের সাহায্য চেয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন তাঁরা।