দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গির পর এ বার সোয়াইন ফ্লুয়ের আতঙ্ক ছড়াল শহরে। জন্মদিনের আগেই সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হল সাত বছরের এক শিশুর। পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সংক্রমণ বেড়ে গিয়ে আজ, বুধবার মৃত্যু হয় ওই শিশুর।
শ্রীতমা রায় নামে ওই শিশুটি বাঁকুড়ার কোতলপুরের বাসিন্দা। তার পরিবার সূত্রে খবর, গত ৪ সেপ্টেম্বর থেকেই অসুস্থ ছিল শ্রীতমা। জ্বর, সর্দি-কাশি এবং ফুসফুসে সংক্রমণ নিয়ে তার চিকিৎসা চলছিল জেলারই একটি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় নিয়ে আসা হয়।
গত ১১ সেপ্টেম্বর পার্ক সার্কাসের শিশু হাসপাতালে ভর্তি করা হয় শ্রীতমাকে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির সংক্রমণ এতটাই বেড়ে গিয়েছিল যে হাসপাতালে ভর্তির পরই তাকে ভেন্টিলেশনে রাখা হয়। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। পরে পরীক্ষায় ধরা পড়ে শ্রীতমা সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, শ্রীতমার সংক্রমণ এতটাই বেড়ে গিয়েছিল যে কোনও ওষুধেই ঠিকমতো কাজ হচ্ছিল না। অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিল তার। শ্রীতমাকে নিয়ে একনও পর্যন্ত কলকাতায় সোয়াইন ফ্লুয়ের শিকার হল দু’জন। এর আগে এক মধ্যবয়স্ক মহিলার মৃত্যু হয়েছিল সোয়াইন ফ্লুতে।