নতুন নিয়ম অনুযায়ী, কোনও বাণিজ্যিক যান ১৫ বছরের পুরনো হলেও তা রাস্তার উপযোগী কি না, তা যাচাই করতে বছরে দু’বার ‘ফিটনেস সার্টিফিকেট’ নিতে হবে।

ফাইল ছবি
শেষ আপডেট: 10 June 2025 14:18
দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তায় আপাতত উঠছে না ১৫ বছরের পুরনো বাণিজ্যিক যান (15 Year Old Vehicles)। পরিবহন সমস্যা এবং বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবি মাথায় রেখে রাজ্য আগেই নীতিগতভাবে পুরনো বাস (Buses) চালু রাখার প্রস্তাবে সায় দিয়েছিল। এবার সেই যুক্তিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে শর্ত সাপেক্ষে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও বাণিজ্যিক যান ১৫ বছরের পুরনো হলেও তা রাস্তার উপযোগী কি না, তা যাচাই করতে বছরে দু’বার ‘ফিটনেস সার্টিফিকেট’ (Fitness Certificate) নিতে হবে। এই পরীক্ষায় পাশ করলেই মিলবে রাস্তায় নামার অনুমতি। এই সার্টিফিকেটই হবে পুরনো যান চলাচলের সবুজ সঙ্কেত।
সোমবার পরিবহন দফতরের সঙ্গে ছ’টি বাস মালিক সংগঠনের বৈঠকে এই সিদ্ধান্তে সম্মতি দেয় সব পক্ষ। ঠিক হয়, বছরে দু’বার ১২ হাজার ৫০০ টাকায় গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। দূষণ পরীক্ষার জন্য দিতে হবে অতিরিক্ত ১০০ টাকা। একবার সার্টিফিকেট নেওয়ার মেয়াদ থাকবে ছ’মাস।
সরকারের বক্তব্য, এক ধাক্কায় সমস্ত পুরনো বাস তুলে দিলে শহরের গণপরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। পাশাপাশি, পরিবেশের বিষয়টিও অবহেলা করা যায় না। তাই বিকল্প হিসেবে যন্ত্রগত দিক দিয়ে উপযুক্ত বাসগুলিকে পরীক্ষার ভিত্তিতে রাস্তায় চলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাস-ট্যাক্সির আয়ু নির্ধারণ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে। তার ভিত্তিতে দেশের বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ১৫ বছরের বেশি পুরনো বেসরকারি বাণিজ্যিক যান নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়। সেই নিয়মই এবার নতুন রূপ পেল। নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে পারলেই পুরনো গাড়ি চলবে শহরের বুকে।
বিষয়টি নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা আইনি মাধ্যমেই ব্যাপারটি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। ফলে এটা দুই পক্ষেরই স্বস্তি। মন্ত্রীর কথায়, ''সরকারকে সবাইকে নিয়ে চলতে হয়। একদিকে যেমন পরিবেশের কথা ভাবতে হয়, অন্যদিকে মানুষের রুজি রোজগার ও পরিবহনের কথাও মাথায় রাখতে হয়। তাই এখনই ১৫ বছরের গাড়ি বাতিল না করে বছরে ২ বার ফিটনেস পরীক্ষা এবং পলিউশন সংক্রান্ত পরীক্ষা করা হবে।'' তাঁর যুক্তি, কেউ ১৫ বছর পরও গাড়ি যত্নে রাখলে শুধু সময়সীমা পেরিয়ে যাওয়ায় তাঁকে তা ফেলে দিতে হবে, এটা হয় না।