নাগাড়ে বৃষ্টিতে বানভাসি কেরল, মৃত বেড়ে ১৫, উদ্ধারে নামল সেনা
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড কেরল (Kerala)। আবারও ভয়াল বন্যার (Flood) ভ্রূকুটি দেখা দিয়েছে। বানভাসি কেরলের একাধিক জেলা। রাজ্যে দক্ষিণ ও মধ্যভাগে ধস নেমে বাড়িঘর ভেঙেছে। জলবন্দি শয়ে শয়ে মানুষ। সকালেই খবর মিলেছিল, ইদ্দুকি ও কোট্টায়
শেষ আপডেট: 17 October 2021 10:24
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড কেরল (Kerala)। আবারও ভয়াল বন্যার (Flood) ভ্রূকুটি দেখা দিয়েছে। বানভাসি কেরলের একাধিক জেলা। রাজ্যে দক্ষিণ ও মধ্যভাগে ধস নেমে বাড়িঘর ভেঙেছে। জলবন্দি শয়ে শয়ে মানুষ। সকালেই খবর মিলেছিল, ইদ্দুকি ও কোট্টায়াম জেলায় জলের তোড়ে ভেসে মৃত্যু হয়েছে ৯ জনের। রবিবার বেলায় খবর এসেছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫।
ইদুক্কি, ওয়ানাড়, এর্নাকুলাম-সহ রাজ্যের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ চলেছে রাতভর। চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। উদুক্কি, চেরুথানি বাঁধের গেট খুলে দেওয়ায় পেরিয়ার নদীর দুই পারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। দুর্গতদের উদ্ধারের কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ), সেনাবাহিনী ও পুলিশ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কেরলের ৬ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লাল সতর্কতা জারি হয়েছে। ইদ্দুকি, কোট্টায়াম ও পথনামথিট্টার মতো পাহাড়ি জেলাগুলিতে নদীর জলস্তর বেড়ে গেছে। মীনাচল ও মণিমালা নদীর জলস্তর বেড়ে দুকূল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কেরলের পরিস্থিতিতে ‘গুরুতর’ বলেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীও সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে ঘনঘন বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা এবং তার মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, ভয়াবহ পরিস্থিতি। বহু মানুষ বিপর্যস্ত। তাঁদের উদ্ধার ও ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।
কেরলের বিপর্যয় মোকাবিলা ও তদারকি করতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুম জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। বন্যা ও ধস সংক্রান্ত বিপর্যয়েই এই মৃত্যু। বহু এলাকা থেকে অনেকের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বহু এলাকায় ব্রিজ ও রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন মানুষজন। এনডিআরএফের ১১টি দল, সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনা উদ্ধারকাজ শুরু করেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'