দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেও রাস্তায় তৈরি হয়েছিল গর্ত। কিন্তু প্যাচওয়ার্ক করেই কাজ সেরেছিলেন পুর-কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় সেই রাস্তাতেই ফের নামল ধস।
দিল্লির মৌজপুর-বাবরপুর এলাকায় মেট্রো স্টেশন লাগোয়া ব্যস্ত সড়কে দেখা দিল বিরাট ফাটল। হুড়মুড়িয়ে তাতে আটকা পড়ল গাড়ি থেকে অটো রিক্সা। ফলে তৈরি হল যানজটও। পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা গাড়ির চাকা বসে যায় গর্তের মধ্যে। পিছনেই ছিল একটি অটো। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সেটিও উল্টে যায় গর্তের মধ্যে। ঘটনায় তিন জনের আহত হওয়ার খবর মিলেছে।
কিছু দিন আগে ওই রাস্তায় গর্ত তৈরি হয়ে ধস নামে। তখন পুরসভা মেরামতির কাজ করেছিল। কিন্তু জোড়াতাপ্পি দিয়ে কাজ করায় ফের সমস্যা দেখা দিয়েছে। পুর ইঞ্জিনিয়ারদের অনুমান, রাস্তার নীচে থাকা জলের পাইপ ভারী গাড়ির চাপে ফেটে গিয়েই এই বিপত্তি। তাঁদের মতে, জল রাস্তার নীচ দিয়ে ভিতরে ঢুকে মাটি নরম করে দিয়েছে। তার ফলেই গাড়ির চাকার চাপে ধস তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মেট্রো স্টেশন লাগোয়া এই এলাকায় যানজট নিত্যদিনের ব্যাপার। রাস্তার অবস্থাও বেহাল। গর্ত দেখা দিয়েছিল আগেই, তবে তা ঠিকমতো মেরামতি হয়নি। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা শুরু করেছেন পুর আধিকারিকরা। বুধবারের মধ্যে গর্ত বুজিয়ে রাস্তা সারাই করে ফেলা হবে বলে জানিয়েছেন তাঁরা।