শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, আরও ২ হাজার ৩২৪ জনের নাম তালিকা থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে। এর ফলে ভবানীপুর কেন্দ্রে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৯,২০১ জন।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 28 February 2026 21:31
দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে (West Bengal Assembly Election 2026) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র থেকে কত নাম বাদ গেল, তা জানার আগ্রহ রয়েছে মানুষের। দেখা যাচ্ছে, বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর প্রকাশিত নতুন তালিকায় ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে না কমলেও, সবথেকে উদ্বেগের বিষয় হল, এখনও প্রায় ১৪ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ (Adjudication)।
খসড়া থেকে চূড়ান্ত: কমেছে ভোটারের সংখ্যা
কমিশন সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এসআইআর কর্মসূচি শুরুর আগে ভবানীপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬ হাজার ২৯৫। এরপর খসড়া তালিকা প্রকাশের সময় ৪৪ হাজার ৪৭০টি নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, যার ফলে খসড়ায় নাম দাঁড়ায় ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জন।
শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, আরও ২ হাজার ৩২৪ জনের নাম তালিকা থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে। এর ফলে ভবানীপুর কেন্দ্রে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৯,২০১ জন। খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় নাম কমেছে প্রায় আড়াই হাজার।
অনিশ্চয়তায় ১৪ হাজার নাম
এই চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও ভবানীপুর কেন্দ্রে এখনও ১৪ হাজার ১৫৪ জনের নাম ‘বিচারাধীন’ (Adjudication) অবস্থায় রয়েছে। অর্থাৎ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শেষ হয়ে গেলেও এই বিপুল সংখ্যক ভোটারের নাম আদৌ তালিকায় থাকবে কি না, তা নিয়ে এখনও যাচাই প্রক্রিয়া চলছে।
নির্বাচন কমিশন শনিবার যে তালিকা প্রকাশ করেছে, তাতে এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ (Under Adjudication) অবস্থায় রয়েছে। এর অর্থ, এই ভোটারদের ভাগ্য এখনও চূড়ান্ত হয়নি এবং তাঁদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
বিচারাধীন ৬০ লক্ষ, ডিলিটেড ৭ লক্ষ
কমিশন সূত্রে খবর, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার খসড়া তালিকা প্রকাশের আগেই ৫৮ লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর নতুন করে আরও ৭ লক্ষ ভোটারের নামের পাশে ‘ডিলিটেড’ (Deleted) বা মুছে ফেলা হয়েছে এমন মন্তব্য লেখা হয়েছে। অর্থাৎ, সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ৬৫ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে।
এর বাইরে, সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকলেও তার পাশে ‘বিচারাধীন’ লেখা রয়েছে। এই নামগুলি চূড়ান্ত কি না, তা নিয়ে বিচারবিভাগীয় আধিকারিকরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।