অনলাইনে এখনও না হলেও অফলাইনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের নির্দেশে এই তালিকা ইতিমধ্যেই জেলার ডিএম (DM) এবং বিডিও (BDO) অফিসে পৌঁছে গেছে।

সিইও মনোজ আগরওয়াল
শেষ আপডেট: 28 February 2026 14:49
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে এখন সবার নজর চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকল কিনা। আজ, শনিবার বিকেল ৪টে নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল (Manoj Agarwal) একটি সাংবাদিক বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR Final List) কর্মসূচির চূড়ান্ত খতিয়ান তুলে ধরবেন। সেই বৈঠকের পরেই সাধারণ মানুষ অনলাইনে নিজেদের নাম চূড়ান্ত তালিকায় আছে কি না, তা যাচাই করতে পারবেন।
অনলাইনে নাম খোঁজা
চূড়ান্ত তালিকা প্রকাশের খবর আসতেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট পরিদর্শনের জন্য মানুষের ভিড় উপচে পড়েছে। ফলে কমিশনের ওয়েবসাইটটি বর্তমানে বেশ ‘স্লো’ বা ধীরগতির হয়ে পড়েছে। তবে প্রযুক্তিগত এই সমস্যা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে কমিশন সূত্রে খবর।
অফলাইনে তালিকা প্রকাশ ও বিএলও-দের ভূমিকা
অনলাইনে এখনও না হলেও অফলাইনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের নির্দেশে এই তালিকা ইতিমধ্যেই জেলার ডিএম (DM) এবং বিডিও (BDO) অফিসে পৌঁছে গেছে। এখন ব্লক স্তরে সেই তালিকা বুথ স্তরের আধিকারিক বা বিএলও (BLO)-দের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এর ফলে সাধারণ মানুষ চাইলে সরাসরি নিজেদের বুথে গিয়েও তালিকার হার্ড কপি দেখে নিতে পারবেন।
কীভাবে অনলাইনে নাম খুঁজবেন?
কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক মাধ্যম রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা উপলব্ধ থাকবে। সেখানে নিজের নাম বা এপিক নম্বর (ভোটার পরিচয়পত্রের নম্বর) লিখলেই জানা যাবে নাম তালিকায় রয়েছে কিনা এবং কোনও সংশোধন হয়েছে কিনা।
জেলার ভিত্তিতেও আলাদা ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে একইভাবে নাম বা এপিক নম্বর দিয়ে অনুসন্ধান করা যাবে। ফলে জেলা অনুযায়ী তথ্য খোঁজা সহজ হবে বলে মনে করছে কমিশন।
এসআইআর প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা চরমে। তাই চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি নজর থাকবে প্রশাসন ও রাজনৈতিক মহলে। কমিশনের তরফে দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতেই তালিকা তৈরি হয়েছে। এখন ভোটারদের দায়িত্ব নিজেদের নাম যাচাই করে নেওয়া।
কমিশন সূত্রে আরও জানা গেছে, শনিবার দুপুরের মধ্যেই এই তালিকা প্রকাশ হয়ে যাবে। বিকেলের মধ্যেই সব রাজনৈতিক দলকে তালিকা পেয়ে যাবে। এটাও স্পষ্ট করা হয়েছে, ৭ কোটি ৮ লক্ষ থেকে নিষ্পত্তি বাকি ৬০ লক্ষের। বাকি থাকা ৬ কোটি ৪৮ লক্ষের মধ্যে ইতিমধ্যেই অবৈধ ভোটার রয়েছে ৬ লক্ষেরও বেশি। তাঁদের নাম বাদ যাচ্ছে।