
শেষ আপডেট: 5 December 2019 13:36
দিন কয়েক আগে আমেরিকার ইয়োয়া রাজ্যের ওয়েস্ট ব্রাঞ্চ হাইস্কুলে আয়োজিত হয়েছিল বার্ষিক কুস্তি প্রতিযোগিতা। সেখানেই নাম দিয়েছিল লুকাস ল্যাসিনা। জন্ম থেকেই সেরিব্রাল পলসি অসুখে ভুগছে সে। ভাল করে হাঁটতেও পারে না। বিকাশ হয়নি মস্তিষ্কের। তাতে কী! যে জীবন দিয়ে লড়াই করছে প্রতিনিয়ত, তার জন্য রিংয়ে ঢুকে কুস্তি করা কী এমন ব্যাপার!
তাই তো লাল পোশাক পরে, মাথায় গার্ড বেঁধে এগিয়ে এল লুকাস। উল্টো দিকে নীল জামার কিশোর অস্টিন স্ক্র্যানটন। অ্যানামোসা এলাকার বাসিন্দা অস্টিন আবার এই বয়সেই বেশ নাম করেছে রেসলিং জগতে। কিন্তু এ সব নামের ঊর্ধ্বে, আদতেই যে সে মনের ভিতর থেকে এক জন খেলোয়াড়, তা এ দিন আরও এক বার প্রমাণ করে সে।
দেখুন সেই ভিডিও।
https://www.facebook.com/jill.wingerlacina/videos/pcb.10220926665293580/10220925923875045/?type=3&theater
লুকাসের মতো প্রতিদ্বন্দ্বী উল্টো দিকে থাকলে ঠিক যেমন করে খেলা দরকার, তেমন করেই খেলতে থাকে সে। হার-জিৎ ফিকে হয়ে যায় অস্টিনের অনন্য চেষ্টার কাছে। যত বার লুকাস পড়ে যায়, তত বার এমন ভাবেই অস্টিন তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে, যেন সে নিজেই লুকাসকে ধরে উঠছে।
বারবার লুকাসের ‘মার খেয়ে’ কাত হয়ে পড়ে অস্টিন। গ্যালারি কাঁপিয়ে তখন লুকাসের জন্য উদ্দাম সমর্থনের আওয়াজ উঠেছে।
লুকাস-অস্টিনের এই ফাইটের ভিডিও পোস্ট করেছেন লুকাসের মা জিল উইঙ্গার ল্যাসিনা। লুকাসের পাশাপাশি অস্টিনেরও প্রশংসা করেছেন তিনি। আর তা সামনে আসতেই প্রশংসা, শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছোট্ট লুকাসকে সক্কলে ভালবাসায়, আদরে ভরিয়ে দিচ্ছেন।