দ্য ওয়াল ব্যুরো: শিশুরাও যে ভাইরাসের সংক্রমণ থেকে সম্পূর্ণ নিরাপদ নয় এমন রিপোর্ট আগেও পাওয়া গিয়েছিল। কেরলে তিন বছরের এক শিশুর শরীরে মিলেছিল মারণ ভাইরাসের খোঁজ। এবার গুজরাটের জামনগরে ১৪ মাসের এক শিশু আক্রান্ত হল করোনাভাইরাসের সংক্রমণে। পরীক্ষা করে দেখা গেছে শিশুটির শরীরে কোভিড-১৯ পজিটিভ। শ্বাসের সমস্যাও রয়েছে তার। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে শিশুটিকে।
স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, শিশুটির মা-বাবা শ্রমিকের কাজ করেন। কাজেই শিশুটির বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই। এমনকি কোনও বিদেশি পর্যটক বা বিদেশ-ফেরত কারও সংস্পর্শেও তাঁরা আসেননি বলেই দাবি। গোটা দেশে লকডাউন চালুর আগেই গুজরাটের বেশ কিছু এলাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, তার মধ্যে ছিল জামনগরও। শিশুটির মা-বাবার দাবি, লকডাউনের কারণে সাম্প্রতিক সময় তাঁরা বাইরে কোথাও কাজ করেও জাননি।
জামনগর জেলাশাসক রবি শঙ্কর বলেছেন, শিশুটির পরিবার উত্তরপ্রদেশের বাসিন্দা। কাজের জন্যই তাঁরা জামনগরে বসবাস করছেন। দিনমজুরি, শ্রমিকের কাজ করেই সংসার চলে। শিশুটির মা-বাবার শরীরে সংক্রমণের কোনও উপসর্গ ধরা পড়েনি। তবে তাঁদের দেহরসের নমুনা পাঠানো হয়েছে ল্যাব-টেস্টের জন্য। দু’ জনকেই রাখা হয়েছে কোয়ারেনন্টাইনে।
জামনগরের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। তার সংক্রমণ প্রথম ধরা পড়ে রবিবার। শ্বাসকষ্ট শুরু হয়েছিল শিশুটির। সঙ্গে সঙ্গেই তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। পরীক্ষা করে দেখা যায় তার শরীরে কোভিড-১৯ পজিটিভ। কীভাবে সংক্রামিত হল শিশুটি সেটা খতিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে। সোমবার সকাল ৯টা অবধি রিপোর্টে দেখা গেছে, দেশে মৃতের সংখ্যা ১০৯। করোনা পজিটিভ ৪০৬৭ জন, আইসোলেশনে রাখা হয়েছে মোট ৩৬৬৬ জনকে। তবে সুস্থও হয়ে উঠেছে ২৯১ জন।