দ্য ওয়াল ব্যুরো: ফাঁকা বাসের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কিশোরীর উপর নির্যাতন চালিয়েছিল বাসেরই খালাসি। ঘটনা দেখে ফেলে পুলিশের কাছে ওই খালাসির নামে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতার দাদা। পকসো আইনে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ। সেই মামলারই রায় বেরিয়েছে সম্প্রতি। অভিযুক্ত খালাসিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে আদালত।
ঘটনাটা ঘটে গত মার্চ মাসে। কলকাতা ক্যানেল ওয়েস্ট রোডের বস্তি থেকে তিন বছরের একটি শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় শেখ সফি। জেরায় সে জানিয়েছে, শিশুটিকে একটি ফাঁকা বাসের মধ্যে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় সে। মেয়েটি কান্নাকাটি শুরু করলে তাকে মুখ বন্ধ রাখার জন্য ভয়ও দেখায়।
তবে ঘটনা দেখে ফেলেন শিশুটির দাদা। পাড়ার লোকজনকে জড়ো করে মানিকতলায় থানায় খবর দেন তিনি। দ্রুত গ্রেফতার করা হয় শেখ সফিকে। সঙ্কটজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। চিকিৎসকরা জানান, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পৈশাচিক নির্যাতন চালানো হয়েছিল শিশুটির উপর।
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করা হয়। সাব ইন্সপেকটর কুমারিকা মজুমদারের তত্ত্বাবধানে সাক্ষ্যপ্রমাণ-সহ দ্রুত চার্জশিট পেশ করা হয়। গত সোমবার সেই মামলার রায়ে শেখ সফিকে যাবজ্জীবনের সাজা দিয়েছেন বিচারক। সেই সঙ্গে দু'লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।