পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের আজ খুশির দিন। এখন জামিন পেয়েছেন, আগামীদিনে এরা সাজা থেকেও মুক্ত হবে। তখন প্রমাণিত হবে এরা নির্দোষ।"

জামিনে মুক্তি তৃণমূলের ১২ জন নেতা,কর্মীর।
শেষ আপডেট: 19 May 2025 21:12
দ্য ওয়াল ব্যুরো: খুনের চেষ্টা,মারধর-সহ একাধিক ধারায় দায়ের হওয়া মামলায় কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। নিম্ন আদালতের সেই রায়ের দেড় মাসের মাথায় বর্ধমান ( Burdwan) তৃণমূলের (TMC) সাজাপ্রাপ্ত ১২ জন তৃণমূল নেতা, কর্মীর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
আদালতের রায় সামনে আসতেই শাসক শিবিরে খুশির জোয়ার। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের আজ খুশির দিন। এখন জামিন পেয়েছেন, আগামীদিনে এরা সাজা থেকেও মুক্ত হবে। তখন প্রমাণিত হবে এরা নির্দোষ।"
একইসঙ্গে তিনি এও বলেন, "জামিনে মুক্ত তৃণমূল কংগ্রেসের নেতারা দলের যে পদে ছিল সেই পদেই বহাল থাকবে। প্রশাসনের পদেও তারা পুনরায় বহাল হবেন।" যার জবাবে পদ্মশিবির থেকে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ। বিজেপি নেতা দেবজ্যোতি সিংহরায় বলেন, " সমাজের অপরাধী ও ক্রিমিনালদের নিয়ে তৃণমূল যে দল ও প্রশাসন চালাচ্ছে সেটা আবারও প্রমাণিত হল।"
আদালত সূত্রের খবর, ২০১৭ সালে খুনের চেষ্টা,মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল বর্ধমান উন্নয়ন পর্ষদের তৎকালীন চেয়ারম্যান তথা বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি তা গুপ্ত, ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য, পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ এবং রায়ান ১ নম্বর অঞ্চলের সভাপতি সেখ জামাল-সহ ১৩ জনের বিরুদ্ধে। চলতি বছরের গত ২৪ মার্চ অভিযুক্ত ১২ জনকে দোষী সাব্যস্ত করেন বর্ধমানের ফাস্ট ট্রাক সেকেণ্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র।
কাকলি তা গুপ্তের তিনবছর কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানার নির্দেশ দেয় বর্ধমানের ফাস্ট ট্রাক সেকেণ্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। একই সঙ্গে ওই মামলায় বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, দলের নেতা শেখ জামাল, কার্তিক বাগ সহ ১২ জন অভিযুক্তকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত।
সাজা প্রাপ্তদের আইনজীবি বিশ্বজিৎ দাস বলেন, কলকাতা হাইকোর্টের ফাস্ট ট্রাক সেকেণ্ড কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক দেবাংশু বসাক ও মহম্মদ দাব্বার রশিদের রায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত ১২ জনের জামিন মঞ্জুর হল। মামলা চলবে তবে আপাতত তারা জামিনে মুক্ত হলেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বর্ধমান জেল থেকে জামিনে মুক্তি পাবেন তারা।