
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 22 April 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: গত ডিসেম্বরে বাংলা আবাস যোজনায় (Banglar Awas Yojana) রাজ্যের ১২ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। বাকি ৬০ হাজার টাকাও আগামী মে মাসের মধ্যে ওই ১২ লক্ষ উপভোক্তার কাছে পৌঁছে যাবে। মঙ্গলবার মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে। আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য। অর্থাৎ দু'দফায় মোট ২৮ লক্ষ বাংলার বাড়ি তৈরি করছে রাজ্য।
মুখ্যমন্ত্রী বলেন, "আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। আমরা কথা দিলে আমরা কথা রাখতে জানি।"
এর আগে ১৪ বছরে ৫৭ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে, জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটালে বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বাংলা বাড়ি বানিয়ে দেওয়া হবে। জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল, তাদেরও বাড়ি করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে।
সরকারি প্রকল্পের সুবিধা পেতে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কাউকে এক পয়সাও দেবেন না। কেউ যদি চায়, থানায় গিয়ে এফআইআর করবেন, এটা মানুষের অধিকার।"
এদিন মেদিনীপুরের অনুষ্ঠান থেকে আট লক্ষর বেশি মানুষকে সরকারি পরিষেবা বিতরণ করা হয়। পাশাপাশি ১ হাজর ৮৫০ কোটি ৫২ লক্ষ টাকা খরচ করে ২১২টি প্রকল্পের উদ্বোধন এবং ১০৯টি প্রকল্পের শিলান্যাস করা হয়। এজন্য বরাদ্দ করা হয়েছে ৩৯১ কোটি ৪০ লক্ষ টাকা। এদিন মেদিনীপুরের অনুষ্ঠান থেকে গোয়ালতোড়ে ১১৬ মেগাওয়াটের সোলার এনার্জি পার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।