
১২ কোচের ট্রেন পরিষেবা শুরু
শেষ আপডেট: 26 June 2024 22:45
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার পর শিয়ালদহের ১, ২, ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কোচের লোকাল ট্রেন পরিষেবা আগেই শুরু হয়েছে। বাকি ছিল ৩ এবং ৪। বুধবার থেকে সেই প্ল্যাটফর্ম থেকেও ছাড়ল ১২ বগির ট্রেন। অর্থাৎ শিয়ালদহ স্টেশনের সব প্ল্যাটফর্ম থেকেই ১২ কামরার লোকাল ট্রেনের যাত্রা শুরু হল।
পূর্বরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, আগামী ১ জুলাই থেকে সব প্ল্যাটফর্মে ১২ কামরার লোকাল ট্রেন পরিষেবা চালু হবে। তবে ৫ দিন আগে থেকেই সেই পরিষেবা শুরু হল। এতদিন প্ল্যাটফর্মে দৈর্ঘ্য কম থাকার জন্য এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত ১২ কোচের ট্রেন চালানো যেত না। এখন সেই সমস্যা মিটে যাওয়ার পথে।
১২ বগির বদলে ৯ বগির ট্রেন চলায় স্বাভাবিকভাবেই ব্যস্ত সময়ে বহু যাত্রী ট্রেনে উঠতে পারতেন না ভিড়ের ঠেলায়। বয়স্ক এবং শিশুদের নিয়ে যে আলাদা করে সমস্যা হত তা বলাই বাহুল্য। কিন্তু এখন সব প্ল্যাটফর্ম থেকে ১২ বগির ট্রেন ছাড়ায় সব যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। ৯ কোচের পরিবর্তে ১২ কোচের ট্রেন চলার ফলে প্রতি ট্রেনে প্রায় ১০০০ জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন বলে অনুমান।
শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন প্রায় ৮৯২ টি লোকাল ট্রেন চলাচল করে। বারাসাত, ব্যারাকপুর, শান্তিপুর, নৈহাটি, শ্যামনগর, বনগাঁও, ডানকুনি, সোদপুর, খড়দহ সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যাত্রীদের ভিড় লেগেই থাকে। ব্যস্ত সময়ে ৯ বগির ট্রেন দেওয়ায় তাতে উঠতে না পেরে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার। সাধারণ যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন রেলের ওপর। তবে এখন থেকে আর এমন সমস্যা হবে না বলেই আশা করছে রেল কর্তৃপক্ষ।