দ্য ওয়াল ব্যুরো: উপরন্তু খরচ করে প্রেমিকা। সেই ধাক্কা সামলাতে রীতিমতো নাজেহাল প্রেমিক। এ দিকে পান থেকে চুন খসলে প্রেমিকার রুদ্র মূর্তি। পকেটেও টান। শেষে চুরি করাই মনস্থ করেছিল প্রেমিক। আর সেটা করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ল বছর চব্বিশের যুবক।
জেরায় তার পরিচয় জেনে পুলিশ কর্তারা অবাক। যুবকের নাম গর্বিত সাহনি। হরিয়ানার অম্বালার বাসিন্দা গর্বিত পেশায় একজন ইঞ্জিনিয়ার। গুগলে বেশ ভাল পদেই রয়েছে সে। তাহলে চুরি কেন? কেঁদে ফেলে গর্বিত জানায়, তার প্রেমিকার পোশাক থেকে প্রসাধনীর খরচ তুলতে সে প্রায় নিঃস্ব। কিন্তু, প্রেমিকার মনও রাখতে হবে। তাই উপায় না দেখে এই অপরাধ করে ফেলেছে সে।
তা অপরাধই বটে। একে চুরি, তাও আবার নামী কর্পোরেট সংস্থার মিটিংয়ে। গত ১১ সেপ্টেম্বর দিল্লির তাজ প্যালেসে বিভিন্ন কর্পোরেট সংস্থার কনফারেন্স মিটিংয়ে গুগলের তরফ থেকে আমন্ত্রিত ছিল গর্বিতও। সেখানেই অন্য এক সংস্থার কর্মী দেবযানী জৈনের ব্যাগ থেকে চুপি চুপি দশ হাজার টাকা সরিয়ে নেয় সে। পুলিশকে সে কথা জানিয়েছেন দেবযানী নিজেই। কারণ, তাঁরই বসেছিল গর্বিত।
অভিযোগকারিনীর বয়ান শুনে হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। যে ক্যাবে করে গর্বিত হোটেলে পৌঁছেছিল তার রেজিস্ট্রেশন নম্বরও বার করা হয়। মিটিং চলার সময় ফোন বন্ধ রেখেছিল গর্বিত। তবে তার মোবাইল নম্বর থেকে লোকেশন ট্র্যাক করে তাকে ধরে ফেলে পুলিশ। জেরায় নিজের অপরাধ স্বীকারও করেছে সে।
ডেপুটি কমিশনার (নয়াদিল্লি) মধুর বর্মা জানিয়েছেন, গর্বিতের কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকিটা হয়তো সে ইতিমধ্যেই প্রেমিকার পিছনে খরচ করে ফেলেছে।