প্রসঙ্গত বছরের শুরুতেই স্যালাইনের বিষক্রিয়ায় মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছিল। সম্প্রতি বর্ধমান মেডিক্যালেও স্যালাইন দেওয়ার পর সাত প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এবার ওষুধ সংক্রান্ত রিপোর্ট ঘিরে আতঙ্কের পরিবেশ জনমানসে।
.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 29 March 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির পর এবার মার্চ। ফের গুণগত মানের পরীক্ষায় দেশে ফেল করল ১০৪টি ওষুধ (medicines)। এর মধ্যে এরাজ্যের সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ২৭টি, রাজ্যের ড্রাগ ল্যাবে ১টি করে ওষুধ ফেল করেছে।
রোগ হলে যেমন রোগ সারাতে ওষুধের প্রয়োজন হয়, তেমনই ওষুধের মধ্যে রোগ রয়েছে কিনা, এ বিষয়ে নিশ্চিত করতে ল্যাবে ওষুধের গুণগত মান পরীক্ষা করা হয়। সেই গুণগত মানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে রাজ্যের দুটি কোম্পানির ওষুধও। ইতিমধ্যে সংশ্লিষ্ট ওষুধগুলির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ (Central Drug Control Bureau)। সূত্রের খবর, নির্দেশে পরিষ্কার ভাবে বলা হয়েছে, সংশ্লিষ্ট ওষুধগুলি ব্যবহারের অযোগ্য, 'নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস'।
বিষয়টি প্রকাশ্যে আসতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জনমানসে। শহরবাসীর মতে, "ওষুধও যদি জাল হয়, তাহলে আর কী বলার আছে! কীভাবেই বা বুঝব কোনটি ওরিজিনাল আর কোনটি জাল?"
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের দাবি, এজন্য নিয়মিত ওষুধের পরীক্ষা করা হয়। তারই ভিত্তিতে মোট চার দফায় ৪৯৭টি ওষুধকে চিহ্নিত করা হয়েছে।
কী নেই এই ওষুধের তালিকায়? জানা যাচ্ছে, প্রেসারের ওষুধ থেকে প্যারাসিটামল, নার্ভ থেকে হার্টের অসুখের ওষুধ, ব্যাকটেরিয়া সংক্রমণের প্রতিরোধ থেকে সাধারণ স্যালাইন, খিঁচুনি কমানোর ওষুধ, ভিটামিন সি এর ঘাটতি থেকে খাদ্যনালীর সমস্যা সংক্রান্ত চিকিৎসা, পক্সের টিকা, প্রচলিত অ্যান্টিবায়োটিক সবই রয়েছে এই তালিকায়। এমনকী ব্যথা কমানো, লিভারের অসুখ, স্ত্রীরোগে ব্যবহৃত হওয়া ওষুধও রয়েছে এই তালিকায়।
প্রসঙ্গত বছরের শুরুতেই স্যালাইনের বিষক্রিয়ায় মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছিল। সম্প্রতি বর্ধমান মেডিক্যালেও স্যালাইন দেওয়ার পর সাত প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এবার ওষুধ সংক্রান্ত রিপোর্ট ঘিরে আতঙ্কের পরিবেশ জনমানসে।