
শেষ আপডেট: 15 January 2024 20:51
শ্রেয়া দাসগুপ্ত, গঙ্গাসাগর
এবছর গঙ্গাসাগর মেলা ভেঙে দিল জনসমাগমের সব রেকর্ড। সর্বাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে এবারের সাগর মেলায়। প্রশাসনের দাবি দুপুর তিনটে পর্যন্ত গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীর সংখ্যা ছাড়াল ১ কোটি। সাংবাদিক বৈঠক থেকে একথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আর এই ঘোষণার পরই কপিল মুনির মন্দিরে পূজো দিতে আসেন তিনি। পুজো দেওয়ার পর কপিল মুনি আশ্রমের প্রধান পুরোহিতের তরফে মন্ত্রী অরুপ বিশ্বাসকে সম্মান জানানো হয়। এরপর মন্ত্রী নিজে হাতে গঙ্গা সাগর মেলাতে দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করেন।
পুজো শেষে মন্ত্রী জানান, আমরা সব সময় চেষ্টা করেছি মেলাকে সফল করার। এত সংখ্যক পুণ্যার্থী আসার পরও কোনও ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা ঘটেনি। মেলা কতটা সফল এটাই তার প্রমাণ। গঙ্গাসাগর মেলার কপিলমুনি মন্দিরের পূজা সরাসরি সম্প্রচার করার জন্য বসানো হয়েছে ১৯টি বড় স্ক্রিন। রাখা হয়েছে ৮টি এলইডি ভ্যান।
সোমবার দুপুর পর্যন্ত ১২,৮৭৩ জন তীর্থযাত্রী আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় ১২,৮১৭ জন তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পেরেছেন বলে জানা গেছে। ৭জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ার লিফট করে জরুরি ভিত্তিতে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে এবং একজনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার পর্যন্ত ৩৪১টি পকেটমারির ঘটনা ঘটেছে যার মধ্যে ৩৩২টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে ও ৭৫২ জনকে বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য গ্রেফতার করা হয়েছে। গঙ্গাসাগর মেলাকে পরিবেশবান্ধব রাখতে শৌচালয়ের ডাস্টবিনগুলিতে প্রায় ১৩৯২ লিটার জীবানুনাশক হারবাল স্প্রে ছড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় হতে চলেছে স্বচ্ছ গঙ্গাসাগর অভিযান।