দ্য ওয়াল ব্যুরো: অসমের উগ্রপন্থী সংগঠন আলফা (স্বাধীন) প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর নিয়ে তৈরি হলো জল্পনা। শোনা যাচ্ছে চিন-মায়ানমার সীমান্তে দশ-বারোদিন আগে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন এই উগ্রপন্থী নেতা। অসমের একাধিক সংবাদমাধ্যমের দাবি, গত সোমবার মৃত্যু হয়েছে আলফা নেতার। যদিও পরেশ বড়ুয়ার মৃত্যু নিয়ে এখনও সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি ভারতীয় সেনা বা সর্বানন্দ সোনোয়ালের সরকার।
তিনসুকিয়ায় পাঁচ বাঙালি খুনের পর আঙুল উঠেছে আলফা স্বাধীন গোষ্ঠীর দিকেই। তখন শোনা গিয়েছিল হত্যাকাণ্ডের পর পরেশ বড়ুয়া সীমান্ত পেরিয়ে চিনে গিয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু তিনসুকিয়ার ঘটনা ঘটেছিল পয়লা নভেম্বর। এক্ষেত্রেই উঠছে প্রশ্ন, যদি পরেশ বড়ুয়া দশ-বারোদিন আগে পথ দুর্ঘটনায় জখমই হন, তাহলে তিনি কী ভাবে সীমান্ত পেরিয়ে চিনে গেলেন? সবটাই এখনও ধোঁয়াশা।
প্রসঙ্গত, আলফার আলোচনাপন্থীরা অস্ত্রের পথ ছেড়ে স্বাভাবিক পথে এলেও পরেশ বড়ুয়া গোষ্ঠী সেসবে ফেরেনি। গেরিলা প্রশিক্ষণ থেকে গুপ্ত হামলা সবই চলছিল অসমে। গোয়েন্দারাও অস্ত্র প্রশিক্ষণ শিবিরের খবর স্বীকার করেছিলেন। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন আলফা নেতার কি সত্যিই মৃত্যু হয়েছে? নাকি অন্য কৌশলে রটিয়ে দেওয়া হচ্ছে মৃত্যুর ভুয়ো খবর। যদিও মোস্ট ওয়ান্টেট আলফা নেতার মৃত্যুর খবর নিয়ে তাদের পরিবারের তরফে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে অসম পুলিশ। আলফার পরেশ বড়ুয়া গোষ্ঠীর সাধারণ সম্পাদক অনুপ চেতিয়ার কথায়, ‘‘আমি মনে করিনা এমন কোনও ঘটনা ঘটেছে। তিন মাস আগে রুইলিতে বাইক দুর্ঘটনায় তিনি জখম হয়েছিলেন। তার পর আমার সঙ্গে তাঁর দেখাও হয়েছিল। জানিয়েছিলেন তিনি দ্রুত ঠিক হয়ে উঠছেন।’’