দ্য ওয়াল ব্যুরো: বাসে উঠলেই নানা টিপ্পনী, কখনও গায়ে হাত দেওয়ার চেষ্টা। লাগাতার তিন মাস ধরে এমনটাই চলে আসছিল। শেষে সম্মান বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ দিলেন কলেজ ছাত্রী।
ঘটনাটি দক্ষিণ দিল্লির। নির্যাতিতা ছাত্রীর বোন পুলিশকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বছর উনিশের ওই তরুণী দিল্লি ইউনিভার্সিটির ছাত্রী। কলেজ যাওয়ার রুটের যে বাসটিতে প্রতিদিন চাপেন তরুণী, সেই বাসেই যাতায়াত করে একদল যুবক। অভিযোগ, তারা নিত্যদিন ওই তরুণীকে নানা ভাবে হেনস্থা করত। সেটা ক্রমশ বাড়তে থাকে। তরুণীকে লক্ষ্য করে অশ্লীল কথার পাশাপাশি, ক্রমশ তারা মেয়েটির শরীরেও হাত দেওয়ার চেষ্টা করতে থাকে।
তরুণী জানিয়েছেন, বেশ কয়েকবার তাঁর শ্লীলতাহানি করার চেষ্টাও করে অভিযুক্তেরা। শুধু তিনি নন, ওই বাসে যে সমস্ত কলেজ ছাত্রীরা যাতায়াত করেন তাঁরা সবাই ওই যুবকদের হেনস্থার শিকার। ভয়েতে তাঁরা এতদিন মুখ খোলেননি। পুলিশকে ওই তরুণীর বোন জানিয়েছেন, ৫৪৪ রুটের বাসটিতে নিত্যদিন এই ঘটনা ঘটে চলেছে। একবার বাসযাত্রীদের প্রতিবাদের মুখে ওই দলের এক যুবককে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরদিন সে ফের বাসে উঠে একই কাণ্ড শুরু করে।
ফেসবুক, টুইটার সব জায়গায় ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে পোস্ট করেছেন ওই তরুণীর বোন। তিনি লিখেছেন, অত্যাচার মাত্রা ছাড়াচ্ছিল। কিন্তু, ওই রুটে অন্য বাস না থাকায় তাঁর দিদিকে রোজ ওই বাসেই চাপতে হত। হেনস্থার ভয়ে তিনি কলেজ যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। শনিবার, ফের একই ঘটনা ঘটে। এ বার যুবকেরা তাঁর দিদির গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে তিনি চলন্ত বাস থেকে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন।
ডিসিপি (দক্ষিণ দিল্লি) বিজয় কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তরুণীর দেওয়া বিবরণের ভিত্তিতে ওই যুবকদের চিহ্নিত করার চেষ্টাও চলছে। খুব দ্রুত অপরাধীরা ধরা পড়বে বলে জানিয়েছেন তিনি।