
বিজেপি নেতা তাপস রায় ও রুদ্রনীল ঘোষ।
শেষ আপডেট: 21 August 2024 19:38
প্রীতি সাহা
আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলিত সমাজ। কলকাতা-সহ সারা দেশে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। সিবিআই তদন্তভার গ্রহণের পর আটদিন অতিক্রান্ত হয়ে গেলেও তদন্তের বিশেষ অগ্রগতি হয়নি বলেই মনে করছেন আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা। বুধবারই এ ব্যাপারে সিজিও থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানও করে আন্দোলনকারীরা।
এবার এ ব্যাপারেই সিবিআইয়ের হয়ে হাতে ব্যাটন তুলে নিলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার শ্যাম বাজারের ধর্না মঞ্চ থেকে এ ব্যাপারে রুদ্রনীলের পাল্টা প্রশ্ন, "আপনার কেডস না থাকলে ম্যারাথনে দৌড়তে পারবেন?"
খানিক থেমে জবাবও দিয়েছেন রুদ্রনীল। তিনি বলেন, "আরজি করে তদন্তের নামে কলকাতা পুলিশ সিংহভাগ তথ্য লোপাট করে দেওয়ার চেষ্টা করেছে। তাই হয়তো তদন্ত কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। তবু সিবিআই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তদন্ত করছে, দোষীরা শাস্তি পাবেই।"
একই সঙ্গে রুদ্রনীল এও বলেন, "সরকারের বিরোধিতা করলেই আপনাকে সরকারের কোপে পড়তে হবে। যেমন আমি, সত্যি কথাটা বলি বলে আমাকে কাজ করতে দেওয়া হয় না।"
রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করে বিজেপি নেতা তাপস রায় বলেন, "রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। আমাদের মিটিং, মিছিল সবই তো আদালতের অনুমতি নিয়ে করতে হয়। আরজি করের কাণ্ড নিয়ে মঙ্গলবার রাজ্য সুপ্রিমকোর্টে ২১ জন উকিল দাঁড় করিয়েছিল। এভাবে একেকটি মামলায় উকিলের জন্য রাজ্য কত টাকা খরচ করছে, সেটা হলফনামা দিয়ে জানানো হোক। কারণ, এটা তো জনগণের টাকা। জনগণের সেটা জানার অধিকারও আছে।"
গত ১৪ মার্চ মধ্যরাতে আরজি করে ভাঙচুর ও আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল। অভিযোগ, দুষ্কৃতী হামলার সময় পুলিশ রুখে না দাঁড়িয়ে হাসপাতালের মধ্যে লুকিয়ে পড়ে। ওই প্রসঙ্গ টেনে তাপসবাবু বলেন, "মুখ্যমন্ত্রী দাবি করেন কলকাতার পুলিশ নাকি বিশ্বের সেরা পুলিশ। আরজি করে মধ্যরাতে হামলার সময় সেই সেরা পুলিশ টয়লেটে লুকিয়ে পড়ল!"
অন্যদিকে আরজিকর কাণ্ডে টলিপাড়ার একাংশ অভিনেতা-অভিনেত্রীদের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন অভিনেতা তথা খড়গপুরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। এদিন হিরণ বলেন, "অভিনেতা, অভিনেত্রীরা এখন মুখরক্ষার জন্য রাস্তায় নেমেছে। এরাই আবার মুখ্যমন্ত্রী ডাকলে দৌড়ে গিয়ে পুরস্কার নিয়ে আসেন।"