
শেষ আপডেট: 25 February 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: ৫১ দিন ধরে নিঁখোজ শাহজাহান। হন্যে হয়ে খুঁজেও সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতার খোঁজ পাচ্ছে না ইডি-পুলিশ। তাঁর গ্রেফতারির দাবিতে ফুঁসছে গোটা গ্রাম। এই আবহে শনিবার সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। এদিন মন্ত্রীদের ঘিরে ধরে দীর্ঘদিনের ক্ষোভ উগড়ে দেন গ্রামের মহিলারা। পাল্টা শাহজাহানকে ধরার দায় ইডির ঘাড়ে চাপালেন তাঁরা। সঙ্গে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "কলকাতা হাইকোর্ট ইডির থেকে রাজ্য পুলিশকে শাহজাহানকে ধরার নির্দেশ দিলে ১০ দিনের মধ্যে গ্রেফতার করা হবে।
শনিবার সন্দেশখালিতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যান রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তাঁদের সঙ্গে ছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। সেচ দফতরের আধিকারিকদের নিয়ে তাঁরা বিভিন্ন এলাকা ঘোরেন। সন্ধের সময়ে এলাকা ছাড়ার আগে তাঁদের ঘিরে ধরেন গ্রামবাসীরা। মন্ত্রীদের কাছে নিজেদের অভিযোগ তুলে ধরেন গ্রামের মহিলারা। তাঁদের একটাই দাবি, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। পাল্টা শাহজাহানকে ধরার দায়িত্ব ইডির বলে জানান পার্থ ভৌমিক। গ্রামবাসীদের অভিযোগ শোনা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী সুজিত বসু।
সন্দেশখালির কর্ণখালী এবং কাছারিপাড়ায় মূলত অভিযোগ উঠেছে। এলাকার খালের গতিপথ এবং খাস জমি বদলে দিয়ে মাছের ভেড়ি তৈরি করা হয়েছে বলেও অভিযোগ। আর সেই ভেড়ির জন্যই বদলে দেওয়া হয়েছে খালের গতিমুখ। গ্রামবাসীদের মুখে এমন অভিযোগও শোনা গিয়েছে যে, ঢালাই রাস্তা থেকে ইট তুলে বিক্রি করে মাটির রাস্তায় পরিণত করা হয়েছে। এছাড়াও গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের ইন্ধনে দীর্ঘদিন ধরে নির্যাতন চলত সন্দেশখালিতে। রাতবিরেতে ডেকে পাঠানো হতো মহিলাদের। সংবাদমাধ্যমে উঠে এসেছে আরও নানান নিন্দনীয় ঘটনা।
জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ঘুরে এদিন সুজিত বসু এবং পার্থ ভৌমিক সে সব অভিযোগ খতিয়ে দেখেছেন। ২০ দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সুজিত বসু। মন্ত্রী বলেন, "সব অভিযোগ শুনছি। অপরাধ হয়ে থাকলে তার শাস্তি হবে।"
সন্দেশখালির ক্ষোভ সামলাতে গিয়ে এদিন ক্ষোভের মুখে পড়েন সুজিত ও পার্থ ভৌমিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরে সেচমন্ত্রী বলেন, "ইডি, রাজ্য পুলিশ, হাইকোর্ট গ্রামবাসীদের বোঝাতে পারিনি। শিবু, উত্তমকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্ত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' অন্যদিকে, দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, 'ওঁরা বলেছেন দিদিকে সবটা জানাতে। আমি বলেছি জানিয়ে দেব।'
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি থেকে শিরোনামে উত্তম ২৪ পরগণার সন্দেশখালি। ওই দিন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন তিন ইডি আধিকারিক। তারপর থেকে নিঁখোজ শাহজাহান। গত ৯ ফেব্রুয়ারি থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। শাহজাহান ঘনিষ্ট শিবু হাজরা ও উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হন মহিলারা। অবশেষে সন্দেশখালি ‘ত্রিভুজের’ দুই অভিযুক্ত ধরা পড়ে গেলেও এখনও অধরা শাহজাহান।