.jpeg)
মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনকড়।
শেষ আপডেট: 13 February 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আর্জি মঞ্জুর করা যায় কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিধানসভার অভ্যন্তরে।
সূত্রের খবর, বাংলা বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনও সংস্থান নেই। তবে বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি মীরা কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেজন্য বিধানসভায় বিশেষ অধিবেশনেরও আয়োজন করা হয়েছিল। ধনকড়ের ক্ষেত্রেও তেমন বিশেষ কোনও অধিবেশনের আয়োজন করা যায় কিনা, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিশেষ অধিবেশনের আয়োজন করা যায় কিনা, সেটা আমরা খতিয়ে দেখছি।"
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "উপ-রাষ্ট্রপতি নিজে থেকে বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের বিষয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীই।"
প্রসঙ্গত, অতীতে রাজ্যের শাসকদলের সঙ্গে ধনকড়ের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। স্বভাবতই ধনকড়ের অনুরোধের নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কিনা, সেটাও ভাবাচ্ছে শাসকদলকে।
জানা যাচ্ছে, সম্প্রতি উপ রাষ্ট্রপতি ধনকড়ের দূত হিসেবে বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন তাঁর সচিব সুনীল গুপ্তা। তিনি স্পিকারের কাছে বিধানসভায় উপ রাষ্ট্রপতির ভাষণ পাঠের ইচ্ছার কথা জানান। এমনকী স্পিকারকে এও বলেন যে নিজের ভাষণে সরকার বিরোধী কোনও বক্তব্য রাখবেন না উপ রাষ্ট্রপতি। তারপরই বিষয়টি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
উপ রাষ্ট্রপতির এমন সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিয়েছেন, "ধনকড় যেন বাংলায় এসে সরকারি কোনও বক্তব্য পাঠ না করেন। তিনি যেন নিজের কথায় বলেন।"
আর এ ঘটনায় বিজেপি-তৃণমূলের সেটিংয়ের তত্ত্ব দেখছে বামেরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "উপ-রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ধনকড়কে পূর্ণ সমর্থন দিয়েছিল তৃণমূল। তারই প্রতিদান ফিরিয়ে দিতে বাংলার বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উপ রাষ্ট্রপতি।"