
শেষ আপডেট: 18 October 2023 12:58
দ্য ওয়াল ব্যুরো: বাইপাসের পরও ফের বুকে ব্যথার কারণে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। অগস্ট থেকেই টানা হাসপাতালে রয়েছেন তিনি। ঠিক কতটা অসুস্থ সুজয়কৃষ্ণ? সেটা দেখতেই বুধবার হঠাৎই এসএসকেএম হাসপাতালে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির একটি টিম।
সূত্রের খবর, চিকিৎসকদের কাছ থেকে তাঁরা সুজয়কৃষ্ণ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গত দু’মাস ধরে হাসপাতালে কালীঘাটের কাকুর ঠিক কী কী চিকিৎসা হয়েছে বা হচ্ছে সেবিষয়েও বিস্তারিত খোঁজ খবর নেন তাঁরা। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
সূত্রের খবর, গ্রেফতারের পর থেকে অধিকাংশ সময়ই হাসপাতালে থেকেছেন সুজয়কৃষ্ণ। যে কারণে তদন্ত প্রক্রিয়া বারে বারে ধাক্কা খাচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা। ইডির কর্তারা মনে করছেন, সজুয়কৃষ্ণকে জেরা করে নিয়োগ দুর্নীতি কাণ্ডের আরও অনেক তথ্য মিলতে পারে। তাই তাঁকে আরও জেরা করা জরুরি।
সূত্রের খবর, দিনের পর দিন সুজয়কৃষ্ণের হাসপাতালে ভর্তি থাকা নিয়ে এবার আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারেন তদন্তকারীরা। সেকারণেই এদিনের ঝটিতি অভিযান।
নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। এর পর থেকে বারে বারে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ। গত অগস্টে বাইপাস সার্জারি হয় কালীঘাটের কাকুর। ফের অসুস্থ হয়ে পড়ায় গত ২২ অগস্ট তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন কালীঘাটের কাকু।