.jpeg)
গ্রাফিক্স- শুভম সেনগুপ্ত।
শেষ আপডেট: 24 January 2025 21:23
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার নেতাজির জন্মজয়ন্তীতে মালদহের মানিকচকের নুরপুরে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শূন্যে চার রাউন্ড গুলি ছোড়া হয়। স্কুলের ছোট্ট ছোট্ট পড়ুয়া থেকে সাধারণ মানুষের সামনে এভাবে প্রকাশ্যে গুলি চালানো নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল।
এবার এ বিষয়ে বড় প্রশ্ন তুললেন কলকাতার মহানাগরিক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, "আত্মরক্ষার জন্য রিভলভার দেওয়া হয়েছে, দেখানোর জন্য নয়। যারা এটা করেছেন খুবই নিন্দনীয়। ওদের রিভলভার সিজ করে নেওয়া উচিত। লাইসেন্স ক্যানসেল করে দেওয়া উচিত।"
নিন্দার সুরে ফিরহাদ এও বলেন, "সিনেমায় যেমন হয় আর কি! বিড়ি জ্বালানোর মতো করে ধাঁ ধাঁ করে গুলি চালাচ্ছে। এটা বিহারে হয়, বাংলায় বরদাস্ত করা হবে না।"
বছরের শুরুতেই ১২ দিনের ব্য়বধানে মালদহে খুন হয়েছেন দুই তৃণমূল নেতা। ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। এ ব্যাপারে সম্প্রতি কড়া হুঁশিয়ারি শুনিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। লাইসেন্স আগ্নেয়াস্ত্র ব্যবহারেও সতর্কতার কথা বলেছিলেন ডিজি।
তারপরও মালদহে কীভাবে নেতাজির জন্মজয়ন্তীতে এভাবে প্রকাশ্যে শূন্যে গুলি ছোড়া হল তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। রাজ্যের মন্ত্রী এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়ার পর পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।