
ভাগাড় পরিদর্শনে ফিরহাদ হাকিম।
শেষ আপডেট: 24 March 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: ভাগাড় (Bhagar) সরানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আর ২-৩ বছর সময় লাগবে বলে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
সোমবার ভাগাড় পরিদর্শনে গিয়েছিলেন ফিরহাদ। তিনি জানান, রাজ্য নিজের তহবিলেই অর্থের ব্যবস্থা করছে। মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল। খালি জমি চিহ্নিত করে, সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী জানান, বায়ো-মাইনিং পদ্ধতির মাধ্যমে দ্রুত ভাগাড় সরিয়ে নেওয়ার কাজ চলছে। ফিরহাদবাবুর কথায়, “মিথেন গ্যাস মানুষের জন্য ক্ষতিকর। আমরা চাই, দ্রুত এই গ্যাস নির্গমন বন্ধ করে পুরো এলাকা পরিষ্কার করে ফেলা হোক। আমরা জাদু করতে পারি না, কিন্তু পরিকল্পনা মতো কাজ চললে কয়েক বছরের মধ্যেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।”
সোমবার থেকে নতুন করে ভাগাড়ে সার্ভের কাজ শুরু হয়েছে। ভাগাড়ের বাসিন্দাদের কোথায় পুনর্বাসন দেওয়া যাবে তা নিয়ে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার পুর ও নগরন্নয়ন দফতরে বৈঠক বসবে বলে খবর।
ফিরহাদ হাকিম বলেন, “এখানে পুরো অঞ্চলটাই ভাগাড়, এখানে কোনও মাটি নেই। মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল। তাই খালি জমি চিহ্নিত করে, সেখানেই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কারণ, কেন্দ্রীয় সরকার গ্রাম বা শহরের জন্য কোনও বরাদ্দ দিচ্ছে না। তাই রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই পুরো অর্থের ব্যবস্থা করছে।”
ভাগাড়ে কাজ করা কর্মীদের কথায়, অনেক বছর ধরে এই মাটি পড়ে থাকায় তা শক্ত আর ব্যবহার অযোগ্য হয়ে গেছে। আমরা যখন এই অংশ কাটছি, তখন দেখা যাচ্ছে, অনেক জায়গা আলগা হয়ে যাচ্ছে, আবার কিছু জায়গায় ভেঙেও পড়ছে। এর ফলে জমির উপর চাপ বেড়ে যাচ্ছে। তাই দ্রুত প্রসেসিং-এর কাজ শুরু করা দরকার।
যে কারণে কেএমডিএ-র তরফে বিপজ্জনক অঞ্চলগুলিতে শিট পাইলিংয়ের কাজ শীঘ্রই শুরু করা হবে বলে খবর। যেসব এলাকায় বর্জ্য জমা হয়েছে, সেগুলি ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিং-এর ব্যবস্থা করা হবে। যেখানে জায়গা ফাঁকা হবে, আগামী দু’মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম জানান, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজও মঙ্গলবার থেকেই শুরু করবে কেএমডিএ।
তিনি আরও বলেন, “নগরন্নয়ন দফতর এবং কেএমডিএ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে—এখানে পোর্টেবল কম্প্যাক্টর বসানোর মতো জায়গা কোথায় পাওয়া যেতে পারে, সেই নিয়ে দ্রুত কর্মসূচি নেওয়া হবে।”