
শেষ আপডেট: 28 January 2024 21:09
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পর এবার বাংলার দুর্গাপুজো কমিটির উদ্যোক্তাদের আর্থিক অনুদান দিল কেন্দ্র। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মোট ৩৫ টি দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
সূত্রের খবর, এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এই আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ২৫টি ক্লাবকে ৫০ হাজার টাকা করে এবং ১০টি ক্লাবকে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে বিজেপি নেতা সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার, এমনকী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটের ক্লাবও।
বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা ধেয়ে এসেছে রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “মমতার সমালোচনা করবে আবার তাঁকে নকলও করবে, এটাই হচ্ছে বিজেপি!”
কুণালের আরও দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় সব পুজো কমিটিকে আর্থিক সাহায্য করেছেন। আর কেন্দ্র তো পুজোর আর্থিক অনুদানেও দলবাজি করল। সামনে লোকসভা ভোট, তাই বেছে বেছে বিজেপির কমিটিগুলিকে কেন্দ্রের টাকা পাইয়ে দিল বিজেপি।“
এ ব্যাপারে এখনও বিজেপির প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এদিনের পুরষ্কার বিতরণী শেষে উদ্যোক্তাদের দাবি, এর মধ্যে দলবাজির কোনও বিষয় নেই। নিয়মরীতি মেনে যারা পুজো করেছেন এবং বিভিন্ন সমাজসেবার সঙ্গে যুক্ত, এমন ক্লাবগুলিকেই পুরষ্কার দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্যের দুর্গা পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিচ্ছে রাজ্য। রাজ্যের এই উদ্যোগের সামলোচনা করেছিল বিজেপি। এবার কেন্দ্রও একই পথে হাঁটায় বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে জনমানসে।