পুরুষ ঢাকিদের ভিড়কে হার মানাচ্ছেন এখানকার মহিলারা। সংসারের অভাব তাদের আত্মপ্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে। পাশাপাশি রয়েছে ঐতিহ্যের প্রতি টান। সব মিলেমিশে তৈরি করছে এক নতুন ছবি।

শেষ আপডেট: 19 September 2025 19:34
ডাক দিচ্ছে শরতের আকাশ। নদীর ধারে তুলোর মতো কাশফুল। দুর্গাপুজোর জন্য দিন গুনছে প্রতিটি বাঙালি। ঢাকি পাড়াতেও ব্যস্ততা তুঙ্গে তবে এবারের ঢাকের সুরে এক অন্যরকম গল্প লুকিয়ে আছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের নট্টপাড়ায়।
পুরুষ ঢাকিদের ভিড়কে হার মানাচ্ছেন এখানকার মহিলারা। সংসারের অভাব তাদের আত্মপ্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে। পাশাপাশি রয়েছে ঐতিহ্যের প্রতি টান। সব মিলেমিশে তৈরি করছে এক নতুন ছবি। নট্টপাড়ার মাঠে জড়ো হচ্ছেন মহিলারা। বোল উঠেছে ঢাকের। প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ ঢাকি সজল নন্দী ও অন্যান্য প্রবীণ শিল্পীরা। তবে শুধু বাজনা নয়, ঢাকিদের সাজসজ্জাও এ বছর নজর কাড়বে বলে জানাচ্ছেন তারা।
শুধু বাংলার মণ্ডপে নয়—এই মহিলা ঢাকিদের ডাক আসে দিল্লি, মুম্বই-সহ দেশের নানা প্রান্ত থেকে। এবারও ভিনরাজ্য থেকে ডাক এসেছে। কিন্তু এবার থাকছে অন্যরকম দুশ্চিন্তাও। সাম্প্রতিক সময়ে বাংলাভাষীদের হয়রানি বাড়ায় আতঙ্কে ভুগছেন এই মহিলারা। অনেকেই জানালেন, ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে অপমানিত হতে হয়। তাই এবার যাওয়ার আগে নিজেদের গন্তব্যের ঠিকানা থানায় জমা দেবেন তাঁরা।
অঞ্জনা নন্দীর দৃঢ় কণ্ঠে শোনা গেল—“আমরা বাঙালি। ভিন রাজ্যে গিয়েও বাংলায় কথা বলব। যদি কেউ বাংলাদেশি বলে অপমান করে, প্রতিবাদ করব।” ঢাকের তালে যেভাবে পুজোর আবহ গড়ে ওঠে, তেমনই এই মহিলাদের মানসিক দৃঢ়তার সুর ছড়িয়ে পড়ছে অশোকনগরের আকাশে।