
দিলীপ ঘোষ ও সওকত মোল্লা।
শেষ আপডেট: 5 April 2025 08:48
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট ব্যাংকের কথা মাথায় রেখে হিন্দু ভোটারদের এককাট্টা করতে রাজ্য জুড়ে ঘটা করে রামনবমী (Ramnavami) পালনের কর্মসূচি নিয়েছে পদ্ম শিবির। যার জেরে ৬ এপ্রিল রামনবমী নিয়ে কলকাতা-সহ রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।
এমন আবহে এবার রামনবমী নিয়ে কড়া হুঁশিয়ারি শোনালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপের হুঁশিয়ারি, "রামনবমীতে প্রচুর মানুষ রাস্তায় নামবেন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মাড়িয়ে চলে যাবে!"
পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে শাসক শিবির থেকেও। তৃণমূল নেতা সওকত মোল্লা বলেন, "বাংলার পুলিশ আছে বলে ঘর থেকে বেরোেচ্ছেন দিলীপ, না হলে ঘরেই থাকতে হত!"
সওকত এও বলেন, "বাংলার ক্ষমতা দখল করতে না পেরে বিজেপি হিংস্র হয়ে উঠেছে। ওরা যেন তেন প্রকারেণ বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। তাই মানুষকে বলব সতর্ক থাকুন।"
হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি ঘিরে বেড়েছে শহরের রাজনৈতিক উত্তাপ। এদিকে রাম নবমীকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় গেরুয়া পতাকায় ছয়লাপ। কলকাতাররেড রোড, মেয়ো রোড থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে- চারিদিকে অজস্র গেরুয়া পতাকা টাঙানো হয়েছে।
অতীতে রামনবমীতে অশান্তির ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। সে কারণে এবারে রামনবমী নিয়ে পুলিশের তৎপরতাও চোখে পড়ার মতো। গত ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। এমনকী কলকাতা-সহ ১০টি কমিশনারেটের ক্ষেত্রে বাড়তি ফোর্সও মোতায়েন করা হচ্ছে।