
শেষ আপডেট: 1 March 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদের নাম কি বদলে গেল! পর্ষদের একটি চিঠি ঘিরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রশ্ন তুলেছে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস ( এএসএফ এইচএম) এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি।
শুক্রবার পর্ষদের একটি চিঠি দেখিয়ে চন্দনবাবু বলেন, “বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বলে তো কোনওদিন কিছু শুনিনি। তবে কি ডব্লউবিবিএসই-র নাম পাল্টে বিবিএসই হয়ে গেল? সরকার কি বোর্ডের নাম চেঞ্জ করেছে?” এ ব্যাপারে পর্ষদের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বিষয়টি ঘিরে শিক্ষামহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত, এদিন মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ঋতব্রত ভট্টাচার্য রাজ্যের স্কুলগুলির উদ্দেশে একটি নোটিস জারি করেছেন। ওই চিঠির লেডার হেড ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে।
সেখানে ওয়েস্টবেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন এর পরিবর্তে লেখা রয়েছে বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মধ্যশিক্ষা পর্ষদের নাম বদলে গেল! এ ব্যাপারে শিক্ষা দফতরের অবশ্য় কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে কপিতে আপডেট করে দেওয়া হবে।