
শেষ আপডেট: 30 March 2024 10:06
দ্য ওয়াল ব্যুরো, দুর্গাপুর: দুর্ঘটনায় মৃত এক শ্রমিকের দেহ লোপাটের চেষ্টার অভিযোগ উঠল কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বিষয়টি জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের বামুনারা শিল্পতালুকে। মৃত শ্রমিকের দেহ ফেলে রেখে বিক্ষোভ শুরু করেন কারখানার অন্যান্য শ্রমিক এবং স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির স্থানীয় নেতৃত্ব।
কারখানা চত্বরে দাঁড়িয়ে থাকা একের পর এক লরিতে তীব্র ভাঙচুর চালান জনতা। মারধর করা হয় কারখানার ম্যানেজারকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম সুজয় বিশ্বাস (২৭)। শ্রমিকদের অভিযোগ, শুক্রবার রাতে কাজ করার পর কারখানার মধ্যেই ঘুমিয়েছিলেন সুজয়। অভিযোগ, একটি লরি ব্যাক গিয়ারে এসে তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজয়ের।
অভিযোগ, বিষয়টি জানাজানি হলে পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, তাই দেহটি লোপাটের চেষ্টা করা হয়। এই অভিযোগে শনিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন কারখানার অন্যান্য শ্রমিক এবং স্থানীয় মানুষ। কারখানার ম্যানেজার অবশ্য শ্রমিকদের অভিযোগ মানতে চাননি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিজেপি নেতৃত্বর বক্তব্য, ক্ষতিপূরণের ভয়ে কর্তৃপক্ষ শ্রমিকের দেহই লোপাট করে দিচ্ছিলেন! বাংলায় যে আইনের শাসন নেই, এঘটনা আরও একবার তারই প্রমাণ দিল।