.webp)
কুণাল ঘোষ।
শেষ আপডেট: 14 November 2024 15:05
দ্য ওয়াল ব্যুরো: ১৩ নভেম্বর, ২০১৪। প্রেসিডেন্সি সেলের জেলের সেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুণাল ঘোষ। দশ বছরের ব্যবধানে নিজের ফেসবুক পোস্টে এক দশক আগের সেই স্মৃতিচারণা করলেন তৃণমূল নেতা নিজেই।
২০১৩ সালের এপ্রিলে প্রকাশ্যে এসেছিল সারদা কেলেঙ্কারির কথা। ওই বছরের ২৩ এপ্রিল সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। সে সময় কুণাল সারদা পরিচালিত সংবাদ সংস্থায় চাকরি করতেন। একই সঙ্গে সে সময় তিনি ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদও। ওই বছরেরই ২৩ নভেম্বর বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তাঁকে গ্রেফতার করে।
জেলে থাকাকালীন পরের বছর নভেম্বরে প্রেসিডেন্সির সেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুণাল। ইতিমধ্যে সারদা মামলা থেকে কুণালকে মুক্তি দিয়েছে আদালত। বিধাননগরে সাংসদ ও বিধায়কদের বিশেষ আদালতের বিচারপতি মনজ্যোতি ভট্টাচার্য জানিয়েছিলেন, সারদা মামলায় কুণালকে গ্রেফতার করা ঠিক হয়নি।
আত্মহত্যার চেষ্টার মামলা থেকেও কুণালকে রেহাই দিয়েছে আদালত। জেল থেকে বেরিয়ে ফের পূর্ণ উদ্যোমে জীবনে ফিরেছেন কুণাল। ফেসবুক পোস্টে সেই স্মৃতি চারণা করেছেন তৃণমূল নেতা।
টুইটে কুণাল লিখেছেন, 'আজ থেকে দশ বছর আগের ওই রাত এবং ওই জীবন, আমার মনে আছে, মনে থাকবে। ওই কঠিন অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। অবাক হয়ে ভাবি, জীবনের পাতায় পাতায় কত কথিত, অকথিত মণিমুক্তো, যা ক্রমশ নিয়ে চলেছে মলাটের শেষপ্রান্তের ক্লাইম্যাক্সের দিকে।'
কুণালের পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। অনেকে তাঁর এই 'লড়াই'য়ের প্রশংসা করেছেন। আবার অনেকে সমালোচনাও।