
শেষ আপডেট: 2 October 2023 19:48
দ্য ওয়াল ব্যুরো: 'এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ/বেয়ারা চালাও ফোয়ারা...', গানটা আজও মানুষের মনে গেঁথে আছে। ছবিতে উত্তম কুমার যেভাবে দৃশ্যটি ফুটিয়ে তুলেছিলেন তা, অনেককেই মাতোয়ারা করে দিয়েছিল! মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে বাঁদরের সুরাপ্রেম দেখে নেটিজেনদের অনেকের স্মৃতিতেই ভেসে উঠল সেই গানটা!
গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ দেশে ড্রাই ডে। অর্থাৎ বার হোক বা রেস্টুরেন্ট কোথাও মদ নেই, ঝাঁপ বন্ধ দোকানগুলোরও। 'ড্রাই ডে'তে এমনিতেই সুরাপ্রেমীদের মনে দুঃখ থাকেই। সেটাই উস্কে দিল একটি বাঁদর! কানপুরের বাঁদরের সুরাপ্রেমের দেখে হেসে লুটোপুটি খেলেন অনেকেই।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাঁদর আয়েশ করে বাইকের ওপর বসেছে। তারপর ব্যাগ থেকে একটি মদের বোতল বের করে নিয়ে আসে। কিন্তু চেষ্টা করেও সেই বোতলের ছিপি খুলতে পারল না সে। দাঁত দিয়ে বার কয়েক ছিপি খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়েই পালিয়ে যায় সে!
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কানপুরের পুলিশ কমিশনারের অফিসের ঠিক সামনেই। পার্কিং লটে একটি বাইকের ব্যাগ খুলে মদের বোতল বের করে বাঁদরটি। তারপর আপ্রাণ চেষ্টা করে খোলার। শেষমেশ না পেরে অন্যান্যদের দাঁত খিঁচিয়ে এলাকা ছাড়ে সে।
স্থানীয়দের দাবি, এলাকায় বাঁদরের উপদ্রবের ঘটনা নতুন নয়। বাঁদরটি সকলেরই পরিচিত। প্রায়ই কারও না কারও দোকানে হানা দেয় সে। পথচারীদের ব্যাগ 'চুরি' করে পালায়। তবে ঘটনাটি সোমবারের কিনা তা স্পষ্ট নয়।
ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়েছেন ওই বাইকের মালিক! কানপুর পুলিশের যুগ্ম কমিশনার আনন্দ প্রকাশ জানিয়েছেন, ভিডিওটি তাঁদের নজরেও এসেছে। কার বাইকের ব্যাগে মদের বোতল রাখা ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। সেইসঙ্গে তিনি এও জানান, প্রথমেই তাঁদের কাজ হবে এলাকায় বাঁদরের উপদ্রব কমানোর। অর্থাৎ বাঁদরদের এলাকা ছাড়া করতে চায় পুলিশ!
দেখুন ভিডিও---
कानपुर के बंदर रॉयल स्टैग खूब पसंद करते हैं.. गांधी जयंती को ड्राई डे पर पुलिस ऑफिस में किसी की बाइक से रॉयल स्टैग की बोतल उड़ा दी.. वीडियो देखिए, कैसे बाइक वाले का ही चखना भी ढूंढ रहा है.. लेकिन दिन में ही शुरू हो गया.. ये गलत है.. मैं तो बाइक वाले की सोच रहा#Kanpur #Royalstag pic.twitter.com/RV08Ahkhaz
— Vivek K. Tripathi (@meevkt) October 2, 2023