
ফাইল চিত্র
শেষ আপডেট: 13 April 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: নেভাদার বিখ্যাত গোপন সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১’-এ সম্প্রতি গুগল আর্থে ধরা পড়েছে একটি রহস্যময় ত্রিভুজাকৃতি কাঠামো। নির্দিষ্ট কো-অর্ডিনেট ব্যবহার করে গুগল ম্যাপে দেখা যাচ্ছে, বিশাল এক কাঠামো দীর্ঘ ছায়া ফেলে দাঁড়িয়ে রয়েছে বেজমেন্টে। আর তা নিয়েই শুরু হয়েছে তুমুল জল্পনা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই গঠনকে এলিয়েনের অংশ বলে দাবি করছেন।
রেডিট-সহ বিভিন্ন অনলাইন ফোরামে এই কাঠামো নিয়ে নানা ধরনের মজাদার এবং ষড়যন্ত্রমূলক তত্ত্ব ভেসে উঠেছে। কেউ বলছেন, "এটা এলিয়েনদের গবেষণাগার, ওরা বর্গাকার ঘরে কাজ করতে পারে না, ওদের ত্রিভুজাকৃতি বাড়ি দরকার।" আরেকজন লেখেন, "এটা এমন জায়গা, যেখানে এলিয়েনরা তাদের ‘সাদা পাউডার’ নিয়ে পরীক্ষা করে!" যদিও এই মন্তব্যগুলি রসিকতার সুরে লেখা, এরিয়া ৫১ ঘিরে বহুদিন ধরেই এলিয়েন এবং ভিনগ্রহবাসী গবেষণার গুজব ছড়িয়ে রয়েছে।
a black triangular tower was discovered on Google Maps at Area 51 using coordinates 37°14'46.5"N 115°49'24.0"W.
— The Rubber Duck ™ (@TheRubberDuck79) April 11, 2025
LINK: https://t.co/scyCLmsK8Q pic.twitter.com/Qj6cDw82wT
এরিয়া ৫১ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি চরম গোপন ঘাঁটি। লাস ভেগাস থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই অঞ্চলটি বহু বছর ধরেই সাধারণের চোখের আড়ালে। যদিও সরকার এই ঘাঁটির অস্তিত্ব স্বীকার করেছে, সেখানে কী কাজ হয় তা প্রকাশ করা হয় না। ধারণা করা হয়, সেখানে পরীক্ষামূলক বিমান এবং অস্ত্র প্রযুক্তি নিয়ে গবেষণা চলে।
তবে ওই ত্রিভুজাকৃতি কাঠামোর অস্তিত্ব ফের সেই পুরনো প্রশ্নই তুলে দিল—এখানে সত্যিই কি কোনও ভিনগ্রহবাসী প্রযুক্তির অনুসন্ধান চলছে? নাকি এটি শুধুই আধুনিক সামরিক প্রযুক্তির অংশ? তা নিয়েই সোশ্যাল মিডিয়া উত্তাল।