এই মিশনে ভারতের হয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পাড়ি দেবেন ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট শুভাংশু শুক্ল। তাঁর সঙ্গে থাকবেন এই মিশনের কমান্ডার, প্রাক্তন NASA মহাকাশচারী এবং বর্তমানে অ্যাক্সিয়ম স্পেসের হিউম্যান স্পেসফ্লাইট বিভাগের ডিরেক্টর পেগি হুইটসন।

শুভাংশু শুক্লা
শেষ আপডেট: 19 June 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: বহুবার পিছনো, প্রযুক্তিগত গোলযোগ এবং খারাপ আবহাওয়ার পর অবশেষে চূড়ান্ত সময় নির্ধারিত হল। অ্যাক্সিয়ম স্পেস জানিয়েছে, তাদের বেসরকারি মহাকাশ অভিযান 'Ax-4' মিশনের অন্তর্গত উৎক্ষেপণ ২২ জুন, শনিবার, ভারতের সময় দুপুর ১টা ১২ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হবে।
এই মিশনে ভারতের হয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পাড়ি দেবেন ভারতীয় বায়ুসেনার টেস্ট পাইলট শুভাংশু শুক্লা। তাঁর সঙ্গে থাকবেন এই মিশনের কমান্ডার, প্রাক্তন NASA মহাকাশচারী এবং বর্তমানে অ্যাক্সিয়ম স্পেসের হিউম্যান স্পেসফ্লাইট বিভাগের ডিরেক্টর পেগি হুইটসন। মিশনে আরও থাকছেন ইউরোপীয় স্পেস এজেন্সির পোল্যান্ডের সাওশ উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
কেন এতবার পিছিয়েছে উৎক্ষেপণ?
Ax-4 মিশনের প্রথম উৎক্ষেপণের তারিখ নির্ধারিত ছিল ২৯ মে, ২০২৫। তবে ক্রু ড্রাগনের ইলেকট্রিক্যাল হারনেসে সমস্যা ধরা পড়ায় তা পিছিয়ে যায় ৮ জুনে। এরপর ফ্যালকন ৯ রকেট প্রস্তুত না থাকায় আরও পিছিয়ে যায় ৯ জুন।
আবার খারাপ আবহাওয়ার কারণে তা পিছিয়ে ১০ জুন করা হয়। ৮ জুনের প্রাক-উৎক্ষেপণ পরীক্ষায় অক্সিজেন লিক এবং ইঞ্জিন অ্যাকচুয়েটরের ত্রুটি ধরা পড়ে। দ্রুত অ্যাকচুয়েটর ও কন্ট্রোলার পালটে নেওয়ার পরেও, নিরাপত্তাজনিত কারণে উৎক্ষেপণ আরও একবার পিছিয়ে ১২ জুন করা হয়। তখন ফের একটি লিক ধরা পড়ায় সেই তারিখও বাতিল হয়।
NASA জানায়, ISS-এর পিছনের অংশ অর্থাৎ Zvezda সার্ভিস মডিউলের সাম্প্রতিক মেরামতির পর মহাকাশে কর্মরত মহাকাশচারীদের পর্যবেক্ষণের সময় দিতে এই উৎক্ষেপণ আবার পিছিয়ে দেওয়া হয়।
মহাকাশে কী কাজ করবেন শুভাংশু?
Ax-4 মিশনের অংশ হিসেবে মহাকাশে মোট ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হবে, যার মধ্যে ভারতের তরফে থাকছে ৭টি। সেই সমস্ত পরীক্ষার নেতৃত্ব দেবেন শুভাংশু শুক্লা। মহাকাশে জীববিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের নানা দিক নিয়ে হবে এই গবেষণা। মহাকাশযাত্রার আগে চার মহাকাশচারীকে রাখা হয়েছে কোয়ারান্টাইনে।