বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলি দ্রুত এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগোচ্ছে। আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে কর্মক্ষেত্রেও বড় রদবদল অনিবার্য হয়ে উঠছে। গুগলের এই পদক্ষেপ সেই পরিবর্তনেরই আরেকটি স্পষ্ট ইঙ্গিত।

শেষ আপডেট: 11 February 2026 14:07
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই গুগলের মূল সংস্থা অ্যালফাবেট ঘোষণা করেছে, ২০২৫ সালে তাদের আয় ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে ৪০০ বিলিয়ন ডলার হয়েছে। সেই আর্থিক সাফল্যের মাঝেই কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিল গুগল। তাদের বক্তব্য, সংস্থার AI-নির্ভর ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে তাল মেলাতে না পারলে স্বেচ্ছায় সংস্থা ছেড়ে বেরিয়ে যাওয়ার সুযোগ রয়েছে (AI workforce transformation Google)।
সংস্থার ব্যবসায়িক ইউনিট ইতিমধ্যেই সেই কর্মীদের জন্য ‘ভলান্টারি এক্সিট’ বা স্বেচ্ছা বিদায়ের প্রস্তাব (Google AI workforce voluntary exit) এনেছে, যাঁরা ভবিষ্যতের এআই (AI) পরিকল্পনার সঙ্গে পুরোপুরি নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত নন (corporate restructuring tech)।
‘এআই-ই ভবিষ্যৎ’ - স্পষ্ট বার্তা গুগল নেতৃত্বের
বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার একটি অভ্যন্তরীণ মেমোয় জানিয়েছেন, গ্লোবাল বিজনেস অর্গানাইজেশন (GBO) ইউনিটের নির্দিষ্ট কিছু কর্মী এই স্বেচ্ছা বিদায় কর্মসূচিতে অংশ নিতে পারবেন।
প্রসঙ্গত, এই GBO ইউনিট গুগলের বিজ্ঞাপন পণ্য ও পরিষেবা পরিচালনা, পাশাপাশি বিশ্বজুড়ে রাজস্ব বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলায়।
শিন্ডলার জানিয়েছেন, ২০২৬ সালের শুরুতে সংস্থা “মজবুত অবস্থানে” রয়েছে। তবে এআই প্রযুক্তির জগৎ দ্রুত বদলাচ্ছে। তাঁর ভাষায়, বিদ্যুতের গতিতে খেলার নিয়ম বদলাচ্ছে, আর ঝুঁকিও অনেক বেশি। তিনি স্পষ্ট করে দেন, গুগল এমন কর্মীদেরই রাখতে চায়, যাঁরা সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনায় সম্পূর্ণভাবে যুক্ত থাকতে চান এবং বৃহত্তর প্রভাব তৈরি করতে এআই-কে গ্রহণ করতে প্রস্তুত।
যাঁরা এই পরিকল্পনার সঙ্গে পুরোপুরি এগোতে চান না বা গুগল ছেড়ে অন্য পথে এগোতে চান - তাঁদের জন্যই স্বেচ্ছা বিদায় প্যাকেজের প্রস্তাব। সলিউশন টিম, সেলস এবং কর্পোরেট ডেভেলপমেন্ট-সহ একাধিক বিভাগে কর্মরতদের এই সুযোগ দেওয়া হয়েছে।
কারা পাবেন না এই প্যাকেজ?
তবে সব কর্মীর জন্য এই সুবিধা প্রযোজ্য নয়। শিন্ডলার জানিয়েছেন, আমেরিকায় গুগলের বড় কাস্টমার সেলস টিম এবং সরাসরি গ্রাহক পরিষেবার সঙ্গে যুক্ত কিছু পদ এই স্বেচ্ছা বিদায় কর্মসূচির আওতার বাইরে থাকবে।
এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। সংস্থার দীর্ঘমেয়াদি কৌশলে GBO-র সব বিভাগ গুরুত্বপূর্ণ হলেও, গ্রাহকদের পরিষেবায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, তাই এই গুরুত্বপূর্ণ পদগুলিতে স্বেচ্ছা বিদায়ের সুযোগ দেওয়া হচ্ছে না।
আগেও একই পথে হেঁটেছে গুগল
এই পদক্ষেপ নতুন নয়। গত বছর আমেরিকায় অ্যান্ড্রয়েড ও কোর ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মীদের জন্য অনুরূপ বাইআউট অফার দেওয়া হয়েছিল। ২০২৫ সালের নভেম্বরে ব্রিটেনের কিছু কর্মীর জন্যও স্বেচ্ছা বিদায় প্যাকেজ ঘোষণা করেছিল গুগল।
অর্থাৎ এআই-কে কেন্দ্র করে কর্মী কাঠামো বদলের প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে।
শুধু গুগল নয়, একই পথে অন্যান্য টেক জায়ান্ট
এই প্রবণতা শুধু গুগলের মধ্যেই সীমাবদ্ধ নয়। অ্যামাজন, মেটা এবং মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলিও এআই-নির্ভর ব্যবসায়িক মডেলের দিকে ঝুঁকতে গিয়ে কর্মী পুনর্গঠন বা স্বেচ্ছা বিদায়ের সুবিধা দিচ্ছে।
খবর অনুযায়ী, মাইক্রোসফট আগে তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরও স্পষ্ট বার্তা দিয়েছিল, এআই গ্রহণ করুন, না হলে সংস্থা ছাড়ার সম্ভাবনার জন্য প্রস্তুত থাকুন।
ভবিষ্যতের বড় ছবি কী বলছে?
বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থাগুলি দ্রুত এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগোচ্ছে। আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে কর্মক্ষেত্রেও বড় রদবদল অনিবার্য হয়ে উঠছে।
গুগলের এই পদক্ষেপ সেই পরিবর্তনেরই আরেকটি স্পষ্ট ইঙ্গিত, ভবিষ্যতে এগিয়ে থাকতে হলে প্রস্তুত থাকতে হবে এখনই।