দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া রোদ আজ বুধবার অতটাও ছিল না। একটু হলেও রোদের তেজ কম। মেঘলা আকাশে গুমোট গরমে নাজেহাল হতে হয়েছে। বেলা বাড়তেই ছবিটা বদলে যায়। মুখ ভার হয়ে আসে আকাশের। ঝিরঝিরে বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমে। এই বৃষ্টি চলবে আগামী আরও কয়েক দিন, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ সারাদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও ছত্তীসগড়ের দিকে। এই নিম্নচাপ বলয়ের জেরে সক্রিয় হবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। উত্তুরে কনকনে হাওয়া তাপমাত্রার পারদও নামবে একধাক্কায়। একই সঙ্গে দেখা যাবে বৃষ্টির দাপট।
আবহবিদদের মতে, শহর এবং শহরতলির বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালীপুজো অবধি কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, পুরুলিয়া-বাঁকুড়া, বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে হাওড়া-হুগলিতেও।
তবে যতক্ষণ না উত্তুরে হাওয়া জাঁকিয়ে বসে, প্যাচপ্যাচে গরম থেকে খুব একটা রেহাই নেই শহরবাসীর। আবহবিদরা জানিয়েছেন, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৮২%। ঝমঝমিয়ে বৃষ্টি নামলে এই অস্বস্তি থেকে কিছুটা রেহাই মিলবে বলেই মনে করছেন আবহবিদরা।