
শেষ আপডেট: 26 May 2023 18:02
দ্য ওয়াল ব্যুরো: সাম্যবাদ, প্রাণাবেগ, মানবপ্রেমে তিনি অনন্য। তাঁর লেখার ছত্রে ছত্রে ফুটে ওঠে বিদ্রোহ। তিনি হলেন কবি কাজি নজরুল ইসলাম (Kazi Najrul Islam)। তাঁকে নিয়ে আরও গবেষণা হওয়া দরকার। সেই কারণেই বিদ্রোহী কবির ১২৫তম জন্মদিনকে স্মরণ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানস কুমার স্যন্যাল বিশ্ববিদ্যালয়ে নজরুল গবেষণা কেন্দ্র তৈরির কথা ঘোষণা করলেন (Nazrul Research Center in Kalyani University)।
এদিনের অনুষ্ঠানে উপাচার্য জার্নালিজম সার্টিফিকেট কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাসের উপরে জোর দেওয়ার কথা বলেন। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে অত্যাধুনিক মানের প্রশিক্ষণ নিতে পারে সেদিকে নজর দিতে হবে।

একথা উল্লেখ্য, সাহিত্য রচনা এবং বিভিন্ন পত্রিকার সম্পাদনা করা ছাড়াও সাংবাদিকতাও করেছিলেন নজরুল। সেই প্রসঙ্গ উত্থাপন করে জার্নালিজম কোর্সের কোর্ডিনেটর অধ্যাপক সুখেন বিশ্বাসের দাবি, বর্তমানে সাংবাদিকদের চাহিদা ক্রমশই ঊর্ধ্বমুখী। যেভাবে অত্যাধুনিক মানের প্রশিক্ষণ দিয়ে ছাত্রছাত্রীদের ক্রমশই এ ব্যাপারে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে তাতে তারা নিশ্চিতভাবে এবং খুব সহজেই বিভিন্ন নামীদামি মিডিয়ায় কাজের সুযোগ পাবে।

এদিনের অনুষ্ঠানে নজরুল জন্মজয়ন্তীতে ইউজিসি রুশা অনুমোদিত বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় পর্যায়ে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ৭৭ জন ছাত্রছাত্রী ও রবীন্দ্র অধ্যায়ন কেন্দ্রের ২৮ জন ছাত্রছাত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকশো পড়ুয়া। তাদের সঙ্গেই বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জিত মন্ডল, রবীন্দ্র অধ্যয়ন কেন্দ্রের ডিরেক্টর অধ্যাপক সাবিত্রী নন্দ চক্রবর্তী, নাট্য বিশেষজ্ঞ অধ্যাপক প্রবীর প্রামাণিক সহ একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন সেখানে।

রাহুল গান্ধী হারালেন ‘কূটনৈতিক পাসপোর্ট’, কী কী সুবিধে রয়েছে এতে?