
শেষ আপডেট: 10 July 2023 15:05
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) ফল ঘোষণা। তার আগে ‘মোদী-দিদির অদৃশ্য সমঝোতা’ নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এবার এই প্রসঙ্গেই অধীরকে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। অধীর চৌধুরীকে ‘বিজেপির দালাল’ আখ্যা দিয়ে একুশের বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে কুণাল বলেন, “ভুলে গেলেন, বিধানসভায় তো আপনারা শূন্য পেয়েছেন। আপনারা তো বিজেপিকে ভোট দিয়েছেন। লড়েছে তো তৃণমূল। তাঁকে এই ধরনের কথা বলতে বিজেপির লজ্জা করছে না।”
তৃণমূল মুখপাত্রের (Kunal Ghosh) দাবি, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস। অধীর চৌধুরী (Adhir ranjan Chowdhury) নিজের বহরমপুর সিট বাঁচাতে পুরোপুরি মোদীর পায়ে পড়ে আছেন। বাংলায় বিজেপির সুবিধা করে দিতেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অধীর ভোট কাটার খেলায় নেমেছেন বলেও মন্তব্য করেন কুণাল। বস্তুত, একুশের ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে দেখা গিয়েছিল গেরুয়া ঝড়। সরকার পড়ে যাবে ধরে নিয়ে তৃণমূলের একাংশ নেতা, বিধায়ককে দল বদল করতেও দেখা গিয়েছিল। বাংলায় প্রচারে এসে মোদী-শাহেরা দাবি করেছিলেন, ‘আব কি বার, দু’শো পার।’ কুণালের অভিযোগ, বাংলার ক্ষমতায় বিজেপিকে প্রতিষ্ঠিত করতে সেই সময় বাম-কংগ্রেস জোট বেঁধে ভোট কাটাকাটির খেলায় নেমেছিল যাতে বিজেপির সুবিধা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী বছরই লোকসভা নির্বাচন। সেদিকে খেয়াল রেখেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে মরিয়া কংগ্রেস এবং তৃণমূল। অন্যদিকে বিজেপির সঙ্গে কার কতখানি সখ্যতা রয়েছে, পরস্পরের বিরুদ্ধে তা প্রমাণ করার খেলায় নেমেছেন এরাজ্যের কংগ্রেস এবং তৃণমূল নেতারা। বিজেপি-তৃণমূলের সখ্যতা বোঝাতে অধীর টেনে এনেছেন শুভেন্দুর প্রসঙ্গও। কটাক্ষের সুরে বলেছেন, ‘দিদি মোদীর সেটিং আছে, খোকাবাবু তুমি কিচ্ছু জানো না!’ পাল্টা হিসেবে আক্রমণ তীব্রতর করেছেন কুণালও।
ভোটের দিন নদিয়ার গাংনাপুর থানা এলাকার কারাবাড়ি এলাকায় জনতার হাতে আক্রান্ত হয়েছিলেন এক পুলিশ কনস্টেবল। গণধোলাইয়ের অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের বিরুদ্ধে। গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, সেদিন বুথে রিগিং করতে আসা এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও পুলিশ তাকে গ্রেফতার না করে কিছুটা দূরে গিয়ে ছেড়ে দেয়। তারই জেরে ক্ষিপ্ত গ্রামবাসীরা ওই কনস্টেবলকে মারধর করেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে অতীতের বাম সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে কুণালের (Kunal Ghosh) দাবি, “বাংলার এখনকার পুলিশ সংযত, বামফ্রন্ট বা কেন্দ্রের মতো ট্রিগার হ্যাপি নয়। মানুষ মারবে না, এটা আমাদের পুলিশের নীতি। সেটার সুযোগ নিয়ে কেউ অপব্যবহার করলে, সেটা দুর্ভাগ্যজনক।”
আরও পড়ুন: ‘ভোটই তো হয়নি, পুনর্নির্বাচন হবে না!’, ১৭৫ কিমি উজিয়ে কমিশনের দ্বারস্থ মুর্শিদাবাদের বাম প্রার্থীরা