
শেষ আপডেট: 23 May 2023 08:17
দ্য ওয়াল ব্যুরো: গত এক সপ্তাহে প্রথমে এগরা (Egra Blast), তারপর বজবজ (Budgebudge Blast)। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুটি ঘটনা মিলিয়ে মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপরেই বেআইনি বাজি কারখানা বন্ধ করতে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই ফের মালদহের ইংরেজবাজারে বাজি কারখানায় বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে। এরপরেই মঙ্গলবার তড়িঘড়ি আতসবাজি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব (Harikrishna Dwivedi called firecracker meeting)। মঙ্গলবার বিকেল পাঁচটায় নবান্নে হবে এই বৈঠক। সরকারি আধিকারিক ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন কয়েকটি বাজি ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরাও।
সোমবার এই কমিটি গঠন করার পর মুখ্যমন্ত্রী জানান, জনবহুল স্থান বাদ দিয়ে আতসবাজির কারখানার জন্য ফাঁকা জায়গা দেখে ক্লাস্টার গড়া যায় কিনা তাও খতিয়ে দেখবে কমিটি। লোকালয় থেকে দূরে ফাঁকা জায়গায় এই বাজি ক্লাস্টার গড়ার কথা বলেছে নবান্ন। দু’মাসের মধ্যে এ ব্যাপারে রিপোর্ট দেবে মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি। মন্ত্রিওসভার বৈঠকের পর এই কথা জানান রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও মলয় ঘটক।
মালদহের ইংরেজবাজারে এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে (Death Toll) দুই। আরও দু’জন গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেইসঙ্গে বেড়েছে আগুনের তীব্রতা। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
মঙ্গলবার ভোর ৬টা নাগাদ ইংরেজবাজারের একটি বাজির দোকানে পরপর বিস্ফোরণ হতে শুরু করে। আগুন ধরে যায় দোকানে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায়। দৌড়োদৌড়ি শুরু করেন এলাকার লোকজন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেই দোকানের শাটার ভেঙে একজনের ঝলসানো দেহ উদ্ধার করেছে দমকলবাহিনী। বাকি তিনজন শ্রমিককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, এগরার ক্ষতে প্রলেপ পড়ার আগেই রবিবার বজবজে বাজি কারখানায় বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। একের পর এক বিস্ফোরণের ঘটনায় বিজেপি, সিপিএম-সহ বিরোধীরা বলতে শুরু করেছে, পঞ্চায়েত ভোটকে সন্ত্রাসের মহোৎসবে পরিণত করতেই বোমা বানানো হচ্ছে। তাদের বক্তব্য, এই সবই হচ্ছে তৃণমূলের বরাতে।
এহেন পরিস্থিতিতে পুলিশের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন মমতা। সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে এ ব্যাপারে আরও সক্রিয় হতে হবে। তারমধ্যেই ফের মঙ্গলবার ইংরেজবাজারে বিস্ফোরণ ঘটেছে। এরপরেই বৈঠক ডাকা হল।
বেআইনি বাজি কারখানা বন্ধ করতে তৎপর মমতা, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন নবান্নের